× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুতুলনাচের ইতিকথার ৯০ বছর পূর্তি উপলক্ষে

কুসুম হয়ে আসছেন জয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১৩:০৩ পিএম

কুসুম হয়ে আসছেন জয়া

জয়া আহসান এখন দুই বাংলাতেই যেন ব্যস্ততার অন্য নাম। ঢাকায় ঈদের দুটি ছবির প্রচার শেষ করে, আবার কলকাতার নতুন ছবির মুক্তি নিয়ে ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। সময় যেন তার কাছে এক অনবরত ছুটে চলা ট্রেন- দম নেওয়ারও ফুরসত নেই!

গত ঈদে মুক্তি পেয়েছে জয়ার অভিনীত দুটি সিনেমা- ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এই সাফল্যের রেশ না কাটতেই আবার ছুটে যেতে হচ্ছে ওপার বাংলায়। কারণ, ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমা ‘ডিয়ার মা’, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়াকে।

তবে এখানেই শেষ নয়। মুক্তির অপেক্ষায় আছে জয়ার আরও একটি টালিউড প্রজেক্ট- ‘পুতুলনাচের ইতিকথা’, যা বড় পর্দায় আসছে ১ আগস্ট। কিংবদন্তি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। এটি মূলত এক ঐতিহাসিক উপলক্ষ- উপন্যাসটির ৯০ বছর পূর্তি। আর সেই উপলক্ষে শশী, কুসুম ও কুমুদের জটিল জীবনের গল্প এবার রূপ নিচ্ছে সিনেমার পর্দায়।

এই সিনেমা নিয়ে সুমনের এক বিশেষ আবেগও জড়িয়ে আছে। ছোটবেলায় বাবা অরুণ মুখোপাধ্যায়ের হাতে ‘পুতুলনাচের ইতিকথা’ নাট্যরূপে মঞ্চস্থ হতে দেখেছিলেন তিনি। সেই স্মৃতি থেকেই একদিন স্বপ্ন বুনেছিলেন, এই উপন্যাসটি নিয়ে নিজেও কাজ করবেন। ২০০৮ সালে সেই স্বপ্নের যাত্রা শুরু হলেও, সেটি বাস্তবে রূপ নিচ্ছে দীর্ঘ ১৭ বছর পর।

ফেসবুকে সুমন মুখোপাধ্যায় লেখেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫ সালে। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা। এটা বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে, কিন্তু নানা কারণে আটকে গেছে। ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি, তখন হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল- ‘... হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনি পুতুলনাচের ইতিকথা।’ মনে হলো এ তো আমাদের সময়ের কথা। আবার উঠেপড়ে লাগলাম।’

নানা জটিলতা পেরিয়ে ২০২২ সালে পুতুলনাচের ইতিকথা সিনেমার শুটিং শুরু করেন সুমন। তিন বছর পর এবার মুক্তির পালা। এর আগে গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়।ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।

অন্যদিকে প্রচার ব্যস্ততার মাঝেই জয়া আহসান সম্প্রতি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল। এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। চলতি বছরেই সিনেমাটির মুক্তির সম্ভাবনা আছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা