× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ইরফানের ‘আলী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১৭:০০ পিএম

আসছে ইরফানের ‘আলী’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বেশকিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। আবারও এই অভিনেতার দেখা মিলছে বড় পর্দায়। মুক্তি পেতে যাচ্ছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘আলী’।

গত ২৫ মে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এবার এসেছে সিনেমাটির টিজার। ‘আলী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৮ জুলাই। গত বছর মুক্তি পেয়েছিল বিপ্লব হায়দার পরিচালিত ‘ভয়াল’। দেশের প্রথম A সার্টিফিকেটপ্রাপ্ত এই সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও সাহসী কনটেন্ট ও ভিন্ন ঘরানার কারণে আলোচনায় এসেছিল। এবার সেই একই পরিচালকের নতুন সিনেমা ‘আলী’-তে আবারও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ‘আলী’ সিনেমায় ইরফান সাজ্জাদকে দেখা যাবে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী চরিত্রে। পুরো সিনেমাজুড়ে তাকে সাইন ল্যাংগুয়েজ ব্যবহার করতে দেখা যাবে, যা তার অভিনয় জীবনের জন্য একটি চ্যালেঞ্জিং ধাপ বলে মনে করা হচ্ছে। গতকাল প্রকাশিত ফার্স্টলুক টিজারে তার লুক ও ফেসিয়াল এক্সপ্রেশন নজরকাড়ে। মূক চরিত্রে অভিব্যক্তি প্রকাশে তার অভিনয়শৈলীর কিছুটা আভাস পাওয়া গেছে এই টিজারেই।

এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন ইরফান সাজ্জাদ। পোস্টারে দেখা যায়, ক্রোধে ফেটে পড়ছেন ইরফান! এলোমেলো তার চুল। চোখ দুটি রক্তাক্ত, যেখানে প্রতিশোধের নেশা স্পষ্ট। চোখের নিচে ক্ষত চিহ্ন। শরীরে তামাটে রঙ। ছিটকে পড়ছে আগুনের ফুলকি। ফার্স্টলুক শেয়ার করে সামাজিক মাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘আসছে…।’ তাকে এমন ভয়ংকর রূপে আগে কখনও দেখেনি তার অনুরাগীরা। পোস্টার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভেসেছেন তিনি। অনুরাগীদের প্রশংসায় আপ্লুত ইরফান। তার ভাষ্য, ‘খুব ভালো সাড়া পাচ্ছি। সত্যি কথা বলতে, এত চমৎকার সাড়া পাব ভাবিনি। সবাই প্রশংসা করছেন, সাহস দিচ্ছেন। খুব ভালো লাগছে।’ আরও বলেন, ‘এটা এমন একটি চরিত্র, যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায় বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে। আমাকে এটার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এটা কমার্শিয়াল সিনেমা। তবে আমি বলব খুব কম অভিনেতাই কমার্শিয়াল সিনেমায় এই ধরনের চরিত্র বেছে নেবেন। আমি চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি।’

পুরো চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে ট্রেইলারের জন্য। তবে এখন থেকেই বলা যায়, ‘আলী’ হতে যাচ্ছে ইরফান সাজ্জাদের অভিনয় ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’। পরের বছর প্রেক্ষাগৃহে আসে ‘ভালোবাসা এমনই হয়’। তানিয়া আহমেদের পরিচালনায় এ সিনেমাটি দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ভয়াল’। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা