প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১১:০৭ এএম
প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে থাকার পর দর্শকের সামনে আসছে ‘অন্যদিন...’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছবির পরিচালক কামার আহমাদ সাইমন জানান, জুলাইকে উৎসর্গ করে সিনেমাটি ১১ জুলাই মুক্তি পাচ্ছে।
ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন। পরিচালক কামারকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া।’ ২৪ সালের জুলাইয়ের আগে অন্যদিন… দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো ছবিই বানাব না। কিন্তু জুলাই এসে সব উল্টাপাল্টা করে দিল। বিগত রেজিমের জন্য ছবিটা প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিল অন্যদিন…। অথচ এখন আবার জুলাই এলো বলেই অন্যদিন… দেখানো যাচ্ছে। সেজন্য আমরা ঠিক করি, জুলাইকে উৎসর্গ করে এই জুলাইয়েই মুক্তি দেব অন্যদিন…।’ ২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড) জমা পড়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। এরপর থেকে ছবিটি আটকে ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের ইতি ঘটিয়ে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ বছরের মার্চে ছবিটি সার্টিফিকেশন সনদ পেয়েছে।

২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে ছিল ‘অন্যদিন...’। ছবিটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’-এর সম্মাননা পান কামার আহমাদ সাইমন, সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন। ২০২১ সালে বিশ্বের প্রথম সারির উৎসবগুলোর অন্যতম প্রধান ইডফার মূল প্রতিযোগিতায় আমস্টারডামের তুসান্সকি থিয়েটারে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। ২০২২ সালে উত্তর আমেরিকার অন্যতম উৎসব ক্যামডেন থেকে শ্রেষ্ঠ ফিচার ছবির জন্য হ্যারেল অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সিনেমাটি।