× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি কাউকেই বেশি উৎসাহ দেই না : অবন্তী

তানভীর আহমেদ মৌসুম

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১৮:২১ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২২ ১৯:০৬ পিএম

অবন্তী সিঁথি

অবন্তী সিঁথি

মিষ্টি গলার মেয়ে অবন্তী সিঁথি। এ সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। একাধারে নাটক, সিনেমা এবং ওটিটির গানে সরব তিনি। যে গানগুলো ইতোমধ্যে দর্শকহৃদয় করে নিয়েছে জয়। সম্প্রতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে দুটি গান গেয়েছেন শিসকন্যা খ্যাত গায়িকা অবন্তী সিঁথি। সাম্প্রতিক কাজের ব্যস্ততা ও বেশ কিছু অজানা গল্প নিয়ে তার সঙ্গে কথা বলেছেন তানভীর আহমেদ মৌসুম। 

সম্প্রতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে দুটি গান করেছেন, কেমন ছিল সে অনুভূতি? 

প্রথমবারের মতো বঙ্গমাতাকে নিয়ে গান করার সুযোগ হয়েছে। গান দুটি খুবই সুন্দর, বিশেষ করে “আমাদের বঙ্গমাতা” গানটি। গানটির টিউন এতটাই সুন্দর যে আমার মন ছুঁয়ে গেছে। যেটি লিখেছেন সুজন হাজং এবং সুর ও সংগীত করেছেন সুমন কল্যাণ। অন্য গানটির শিরোনাম ‘বঙ্গমাতা’। গানটি লিখেছেন শেখ নজরুল। সুর ও সংগীতায়োজন করেছেন শোয়েব শিবল ও ওয়াহেদ শাহীন। যদিও এর আগেও বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়ার সুযোগ হয়েছিল আমার; সেই ধারাবাহিকতায় এবারের গান দুটো আরও বেশি ভালো লেগেছে। আশা করি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

ওটিটি প্লাটফর্মে এই মুহূর্তে আপনার ব্যস্ততা কেমন?

নেটওয়ার্কের বাইরের রূপকথার জগতের পর  আমার এক্সপেকটেশন ছিল যে ওটিটিতে হয়তো আমার অনেক কাজ হবে; সে তুলনায় খুব বেশি কাজ হয়নি, কিন্তু যেগুলো করেছি, ভীষণ সুন্দর। পরিচালক ভিকি জায়েদের চরকি অরজিনাল ফিল্ম ‘শুক্লপক্ষ’তে আমার একটা গান আসছে, গানটি ভীষণ সুন্দর। 

অনেকেই গান গাওয়ার পাশাপাশি পরবর্তীতে সংগীতায়োজনে যুক্ত হচ্ছেন। আপনার এমন কোনো পরিকল্পনা আছে কি না?  

প্রথম কথা হলো, আমার লেখা খুব একটা আসে না; তবে শখের বসে যখন কোনো গান লিখেই ফেলি, সেটা কম্পোজিশন করার একটা চিন্তাভাবনা থেকেই যায় আমার মনে। প্রফেশনালি কখনও সেই ভাবনা আমি করিনি। তবে কোভিডের সময়টায় এই কাজগুলো বেশ কিছু শিখেছিলাম ও চেষ্টা করেছিলাম আর সেই চর্চা এখনও চালিয়ে যাচ্ছি। তবে ভবিষ্যতে নিজের একটা  স্টুডিও ও মিউজিক কম্পোজিশন নিয়ে বেশ কিছু চিন্তাভাবনা আছে।

আগে তো শিক্ষকতায় ছিলেন, বর্তমান ও ফিউচারে কি গান নিয়েই থাকতে চান, নাকি অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছা আছে?

আপাতত সে রকম কোনো প্রস্তুতি আমার নেই যে গান বাদ দিয়ে অন্য কিছু করব; তবে ভবিষ্যতে যদি মনে হয় গানের পাশাপাশি আমি অন্য কিছু করতে পারি তবে সে চেষ্টাও করব।

নিজের ইউটিউব চ্যানেল নিয়ে পরকিল্পনা কী?

সবসময়ই চেষ্টা করছি, আমার ইউটিউব চ্যানেলকে আপডেট রাখার। তবে সামনে প্রফেশনালি ইউটিউব নিয়েই বেশ কিছু পরিকল্পনা করব। যাতে করে দর্শকের আরও কাছাকাছি যেতে পারি।

আচ্ছা, এবার একজন অবন্তী সিঁথি হয়ে ওঠার পেছনের গল্পটা শুনতে চাই...

ছোটবেলা থেকেই আমার গানের শুরু। তবে প্রফেশনালি কখনও গাইব, সেরকম চিন্তাভাবনা করে আমি গানটা শুরু করিনি। পড়াশোনা করতে করতে একটা সময় দেখলাম যে, গানটা আমার পিছু ছাড়েনি। তারপর রিয়্যালিটি শোয়ের প্লাটফর্ম থেকেই আমার প্রথম বড় পরিসরে কাজ করতে আসা। এর মধ্যে কাজ করতে করতে একসময় মনে হলো যে আমার মনোযোগ দিয়ে শুধু গানটা করে যাওয়া উচিত। এভাবেই আমার প্রতিদিন একটু একটু করে স্বপ্নটা বড় হয়েছে, আর এভাবেই আসলে আমার অবন্তী সিঁথি হয়ে ওঠা।

বিয়ে নিয়ে কী ভাবছেন? 

আসলে আমি এই বিষয়টা পরিবারের ওপরই একদম ছেড়ে দিয়েছি। তারা যা ভালো মনে করবে আমি সেই সিদ্ধান্তেই রাজি।

এখন কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আর বর্তমান ও ভবিষ্যতে গান নিয়ে কী কী পরিকল্পনা আছে?

আমার আরও অনেকগুলো মৌলিক গান আসছে। আপাতত দুটো গান প্রকাশ হবে সামনে। পাশাপাশি আরও বেশ কিছু গানের প্রস্তুতি চলছে। কিছুদিনের মধ্যে আমার নিজের চ্যানেলেও একটা গান প্রকাশ হবে যার ভয়েস আমি গতকালই দিয়ে এসেছি। পাশাপাশি সামনে আরও বেশ কিছু গানের প্লে­ব্যাকের কথা চলছে।

যারা তরুণ উঠতি শিল্পী, বিশেষ করে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন, তাদের জন্য কিছু কথা...

এটা অপ্রিয় হলেও সত্য যে, আমি কাউকেই বেশি উৎসাহ দেই না। আমি যখন এই পেশায় আসা শুরু করেছিলাম তখনও মানুষ আমাকে ভয় দেখাত, এমনকি এখনও ভয় দেখায়, বলে, পাশাপাশি কিছু করো। গান দিয়ে কি জীবন চলে? তবে তারপরেও নতুনরা যারা কাজ করতে আসছে, তাদেরকে আমি একটা কথাই বলব, নিজের সাথে কথা বলতে হবে, আসলে তোমার মন কী বলে। আমি সত্যিই কি এটা চাই? তবেই বলব তুমি এই জগতে পা রাখো। একদিন তুমি সফল হবেই।

প্রবা/টিম/জেআই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা