প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১৩:০৪ পিএম
ঈদে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। ‘ইনসাফ’ সিনেমায় অতিথি চরিত্রে আর ‘উৎসব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘উৎসব’-এ তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন অগ্রজ অভিনয়শিল্পী জাহিদ হাসানকে। ‘উৎসব’-এ জাহিদ হাসান ‘খাইস্টা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী অভিনয়শিল্পী চঞ্চল প্রায় সময়ই সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের স্কেচ আঁকেন। এবার তিনি আঁকলেন জাহিদ হাসানের। ইনস্টাগ্রামে এটি পোস্ট করে লিখেছেন, চেনা যায় ভদ্রলোককে? উনি খাইস্টা জাহাঙ্গীর..., তাকে দেখার জন্য ‘উৎসব’ দেখুন। সিনেমা হলে ‘উৎসব’ চলছে মহাসমারোহে ...। দেশে-বিদেশে! চঞ্চল চৌধুরী ‘উৎসব’ সিনেমায় ভূতের চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়া আরও দুই ভূতের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও অপি করিম। পোস্টের শেষে তাই লিখেছেন, তিন ভূতসহ ‘উৎসব’ টিমের পক্ষ থেকে জাহাঙ্গীরের জন্য এটি একটি প্রীতি উপহার। আমরা আপনাকে ভালোবাসি জাহিদ হাসান ভাই।’
এদিকে, অমিত মুখোপাধ্যায়ের প্রযোজনায় এবং অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় কলকাতায় তৈরি হচ্ছে বাংলা সিনেমা ‘ত্রিধারা’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। বিপরীতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ছবি ‘উৎসব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সেই ছবিতে চঞ্চলকে নিয়ে চলছে আলোচনা। আবার ইনসাফ ছবিতে যে তিনি আছেন, আগে থেকে দর্শকের জানাও ছিল না। অভিনয়শিল্পীর তালিকায়ও ছিল না তার নাম। তাই পর্দায় তাকে দেখে অবাক হয়েছেন দর্শক। জানা যাচ্ছে, তিনি একটি রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন। চমকের বড় কারণ ছিল তার লুকÑ একেবারে ন্যাড়া মাথা, হাতে রক্তমাখা দা, অথচ শান্তভাবে বাজাচ্ছেন ভায়োলিন! চঞ্চলের এই লুক ও উপস্থিতি যেন পুরো সিনেমার আবহটাই পাল্টে দিয়েছে বলে মনে করছেন ভক্তরা। তাদের ভাষায়, ‘চঞ্চলের এই সারপ্রাইজ ক্যামিও সিনেমাটিকে এক অন্য মাত্রা দিয়েছে।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে চঞ্চলের এই দৃশ্যের একটি স্থিরচিত্র। রহস্যময় চরিত্রে চঞ্চল চৌধুরীর প্রতি দর্শকের আগ্রহ নতুন নয়। আগেও কারাগার ওয়েব সিরিজে রহস্যময় চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। সেই ধারাবাহিকতায় ইনসাফ-এ নতুন এই ভূমিকায় আবারও তিনি প্রমাণ করলেন, তিনি চমক দিতে জানেন!
চঞ্চল সিনেমাটি নিয়ে বলেন, ‘ইনসাফ’ সিনেমা যারা দেখবে, তারাও চমকে যাবে, এটা বলাই যায়। ছবিটা অসাধারণ লেগেছে’। ‘ইনসাফ ২’ মুক্তি পাবে আগামী বছরের ঈদুল আজহায়। চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। রাজ-ফারিণ জুটির সঙ্গে এবার বড় পরিসরে থাকবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের চরিত্র। প্রযোজকের কথা থেকে সবাই ধরেই নিয়েছেন, পরের কিস্তি হতে যাচ্ছে চঞ্চল ও মোশাররফময়।