বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:২৩ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:৪৮ পিএম
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। ২০২২ সালের ভারতীয় আইএমডিবি রেটিং তালিকায় তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন এই অভিনেতা। সম্প্রতি ইন্টারনেট সাইটটির ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানায় আইএমডিবি ইন্ডিয়া। মূলত পেজ ভিজিটের ওপর ভিত্তি করে প্রতি বছর শীর্ষ দশ জনপ্রিয় ভারতীয় তারকার নাম প্রকাশ করে এ পেজটি।
জানা গেছে, চলতি বছর ধানুশ তামিল সিনেমা ‘মারান’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এ ছাড়া হলিউডের ছবি ‘দ্য গ্রে ম্যান’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও সারা বছরই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন ধানুশ।
আইএমডিবির প্রকাশিত সেরা দশের ওই তালিকায় বলিউড তারকাদের মধ্যে রয়েছেন হৃত্বিক রোশন, আলিয়া ভাট ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বাকিরা দক্ষিণী সিনেমার অভিনেতা-অভিনেত্রী।
অভিনেত্রী আলিয়া ভাট দ্বিতীয় এবং ঐশ্বরিয়া রাই বচ্চন রয়েছেন তৃতীয় স্থানে। দক্ষিণী তারকা রামচরণ এবং সামান্থা রুথ প্রভু যথাক্রমে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।
এদিকে বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন রয়েছেন ষষ্ঠ স্থানে এবং কিয়ারা আদভানি সপ্তম স্থানে। সেই সঙ্গে দক্ষিণী তারকা এনটিআর অষ্টম এবং ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন নবম স্থানে। দশম স্থানে রয়েছেন ‘কেজিএফ’ খ্যাত জনপ্রিয় অভিনেতা যশ।
সেরা দশের তালিকায় র্যাঙ্কিংয়ের ব্যাপারে পেজটি জানায়, আইএমডিবি পেজে এ বছর প্রতি সপ্তাহে যেসব তারকা ধারাবাহিকভাবে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে ছিলেন শুধু তারাই এ তালিকায় স্থান পেয়েছেন। সারা বিশ্বে আইএমডিবির ভেরিফায়েড পেজে ২ কোটি ভিজিটরের ওপর ভিত্তি করে র্যাঙ্কিং নির্ধারিত হয়।