বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৩:৪০ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ২০:০৩ পিএম
বলিউড সিনেমা ‘সিঙ্গাম’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এ সিরিজের দুটি সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। ছবির তৃতীয় কিস্তি কবে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। তবে সিনেমা মুক্তির তারিখ জানা না গেলেও ভক্তদের জন্য দারুণ খবর দিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। জানা গেল, ছবির পরবর্তী কিস্তিতে লেডি সিংঘমরূপে হাজির হতে যাচ্ছেন বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে রোহিত শেঠি বলেন, ‘সার্কাসের পরই শুরু হবে সিঙ্গাম ইউনিভার্সের আগামী ছবির কাজ। সেই ছবিতে লেডি সিঙ্গাম হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। সিঙ্গাম অ্যাগেইনে তিনিই হচ্ছেন আমার লেডি পুলিশ অফিসার। আগামী বছরই একসঙ্গে কাজ করব আমরা।’
সম্প্রতি রোহিতের নতুন সিনেমা ‘কারেন্ট লাগা রে’ গানের লঞ্চে এসে এই ঘোষণা করেন রোহিত শেঠি। সার্কাসের এ গানে অতিথি হিসেবে থাকছেন দীপিকা। এর আগে রোহিতের চেন্নাই এক্সপ্রেস ছবিতে মিনাম্মা চরিত্রে নজর কেড়েছিলেন দীপিকা। সিঙ্গাম ৩-এ দীপিকার সঙ্গে দেখা যাবে অজয় দেবগনকে। এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তারা।
সার্কাস ছবিতে রণবীর সিং ও দীপিকার গান কারেন্ট লাগা রেতে নজর কেড়েছে তাদের রসায়ন। এ প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমরা সেটে একসঙ্গে আসতাম। যখন আমরা একসঙ্গে থাকি তখন খুবই মজা হয়। আমার মনে হয় সেই মুহূর্তটা এনজয় করা উচিত যখন আমরা আমাদের পছন্দের সহ-অভিনেতার সঙ্গে থাকি, যাকে আমরা বিশ্বাস করতে পারি কারণ বিষয়টাই যৌথ। এটা দেওয়া-নেওয়ার সম্পর্ক। বিশ্বাসই দুই অভিনেতার রসায়নের ভিত্তি।’
পাশাপাশি রণবীর বলেন, ‘দীপিকার চরিত্রটির জন্যই আমি চেন্নাই এক্সপ্রেস হলে গিয়ে দেখেছি তিনবার। ওর কালারফুল ও ভাইব্রেন্ট স্বভাব আমার খুবই পছন্দ। এমনকি ওই ছবিতে ওর কমিক ক্যারেক্টরও আমার খুবই ভালো লেগেছে। কমেডি করা সবচেয়ে শক্ত। আমি অনেক কমিক চরিত্র করতে চাই। এ মুহূর্তে একমাত্র একজনই আছেন যিনি কমেডি ভালো বানাতে পারেন, তিনি হলেন রোহিত শেঠি।’