প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫ ১২:২৫ পিএম
কণ্ঠশিল্পী ও সংগীত প্রযোজক প্রীতম হাসান
অবিরাম হিট গানে শ্রোতাদের মন জয় করে এবার মঞ্চ মাতাতে উত্তর আমেরিকার পথে পা বাড়িয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত প্রযোজক প্রীতম হাসান। তার গানের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে স্টেজ পারফরম্যান্সের চাহিদাও। সেই সূত্রেই শুরু হয়েছে তার সংগীত ক্যারিয়ারের সবচেয়ে বড় আন্তর্জাতিক ট্যুর- একটানা ২৫টি কনসার্ট নিয়ে দীর্ঘ তিন মাসের উত্তর আমেরিকা সফর।
এই সফরকে প্রীতম নিজের ক্যারিয়ারের এক নতুন অধ্যায় হিসেবেই দেখছেন। তার ভাষায়, ‘একটানা ২৫টা শো! ভাবতেই রোমাঞ্চ লাগে। চেষ্টা করব প্রতিটি কনসার্টে দর্শক-শ্রোতাদের পুরোপুরি মুগ্ধ করতে। এটাই আমার সবচেয়ে বড় টার্গেট।’
উত্তর আমেরিকার এই সফরে তার সঙ্গে কিছু কনসার্টে মঞ্চ শেয়ার করবেন বড় ভাই প্রতীক হাসানও। এই পারিবারিক সংগীত-যোগসূত্র কনসার্টগুলোতে যোগ করবে বিশেষ আবেগ ও একান্ত মুহূর্ত।
৩১ মে যুক্তরাষ্ট্রের ডালাসে প্রথম পারফর্মের মাধ্যমে শুরু হয়েছে এই গ্র্যান্ড ট্যুর। দ্বিতীয় কনসার্টটি ১৫ জুন নিউইয়র্কের লাগর্ডিয়া কলেজ পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ‘প্রীতম হাসান লাইভ ইন নিউইয়র্ক, পাওয়ার্ড বাই রিভার’ শিরোনামে। আয়োজনে থাকছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট, প্রিয়জন ফিল্মস ও টোস্টার প্রোডাকশন।
এ ছাড়া ৩১ আগস্ট বাফেলোতে ফাইনাল শোয়ের মধ্য দিয়ে শেষ হবে এই সফর। মাঝের সময়টায় প্রীতম গান শোনাবেন নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, অস্টিন, হিউস্টন, মায়ামি, বস্টন, ওয়াশিংটন ডিসি, মিশিগান, আটলান্টা, সিয়াটল, সান হোসে, পোর্টল্যান্ড, টরন্টো, মনট্রিল, ক্যালগেরিসহ বাঙালি কমিউনিটিসমৃদ্ধ নানা শহরে।
এদিকে যখন তিনি ব্যস্ত স্টেজ মাতাতে বিদেশে, তখন দেশের ভক্তদের হৃদয়ে অনুরণন তুলছে ‘তাণ্ডব’ সিনেমার আলোচিত গান ‘লিচুর বাগানে’। পাশাপাশি ‘লাগে উড়াধুরা’, ‘চাঁদ মামা’, ‘দেওরা’, ‘মা লো মা’, ‘লোকাল বাস’, ‘বেয়াইনসাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়ে’সহ আরও অনেক হিট গান এখনও রয়ে গেছে শ্রোতাদের মুখে মুখে।
সব মিলিয়ে এই ট্যুর শুধু প্রীতমের ক্যারিয়ারেরই নয়, বাংলা আধুনিক সংগীতের জন্যও এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকছেÑ যেখানে জনপ্রিয়তা, পারফরম্যান্স আর সংগীতের প্রতি দায়বদ্ধতা এক বিন্দুতে মিলে তৈরি হচ্ছে এক অসাধারণ অভিজ্ঞতা।