নিশোকে বললেন শাকিবের কাছে ক্ষমা চাইতে
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১১:৩৯ এএম
ঈদে রায়হান রাফী-শাকিব খান আসছেন নতুন চমক নিয়ে- সিনেমা ‘তাণ্ডব’-এ। রায়হান রাফী পরিচালিত এ সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে উত্তেজনা তুঙ্গে। টিজারে শাকিবের অ্যাকশন ও তার অনবদ্য উপস্থিতি দেখে দর্শকরা বলছেন- এটা নতুন এক শাকিব খান, আরও আগুনঝরা, আরও পরিণত।
তবে ঈদের আগেই ‘তাণ্ডব’ সিনেমা ঘিরে শুরু হয়েছে তাণ্ডব! সিনেমাটির নির্মাতা রায়হান রাফী অভিনেতা আফরান নিশোকে বললেন, শাকিব খানকে সরি বলতে! এমনই এক অডিও ক্লিপ গতকাল থেকে ঘুরছে সামাজিকমাধ্যমে। যেখানে রাফীকে বলতে শোনা যায়, ‘নিশো যে অন্যায়টা করেছে তাকে সরি বলতে হবে! সেটা ভাইয়ার (শাকিব খান) কাছে গিয়ে হোক, কিংবা জনসম্মুখে। এটা নিয়া আমার এবং ভাইয়া, কারও কোনো দ্বিমত নাই।’ তিনি আরও বলেন, “আজ যদি কেউ আমার সঙ্গে অন্যায় করে, সেও ক্ষমা চাইবে। নিশো যদি ‘সরি’ বলে, তখন ভাইয়া চাইলে কাজ হবে, না চাইলে হবে না। আমি এত বোকা পরিচালক নই।” সবকিছুর সূচনা হয় ২০২৩ সালে, যখন আফরান নিশো রাফীরই পরিচালনায় বড়পর্দায় অভিষেক করেন ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে। সে সময় একাধিক সাক্ষাৎকারে নিশো নাম না করে শাকিব খানকে ‘সো কল্ড হিরো’ আখ্যা দিয়ে ব্যক্তিজীবন নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি বেশ পুরোনো হলেও নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে ‘তাণ্ডব’ ছবিতে নিশোর ক্যামিও।
সূত্র মতে, এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া ‘তাণ্ডব’-এ মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে নিশোকে। কিন্তু এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন শাকিব ভক্তরা। তাদের দাবিÑ নিশো যদি ছবিতে থাকতে চান, তবে তাকে প্রকাশ্যে শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে। জানা গেছে, বিষয়টি শাকিব খানও ভালোভাবে নেননি। বিশেষ করে, তাকে না জানিয়েই পরিচালক রাফী যখন নিশোকে ক্যামিও চরিত্রে রাখেন, তখন শাকিব এক দিন শুটিং বন্ধ রাখেন বলেও গুঞ্জন রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেক শাকিব ভক্ত ‘তাণ্ডব’ বয়কটের ডাকও দিয়েছেন। তাদের বক্তব্য,
“যে অভিনেতা ক্যারিয়ারের শুরুতেই শাকিব খানকে কটাক্ষ করেন, তিনি যদি ক্ষমা না চান, তাহলে ভক্তরা আর সেই সিনেমা বারবার দেখে উৎসাহ পাবে না।” সপ্তাহখানেক চুপ থাকলেও শনিবার পরিচালক রাফী অডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন। অনেকেই মনে করছেন, এই বিতর্ক আদতে সিনেমার প্রচারণার অংশ। তবে এতে দর্শকদের আগ্রহ এবং উত্তেজনা যে বেড়েছে, তা নিশ্চিত। এ বিষয়ে এখন পর্যন্ত আফরান নিশোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, রোজি সিদ্দিকী, ডাক্তার এজাজসহ অনেকে। পাশাপাশি সিয়াম আহমেদকেও দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। এই ঈদুল আজহায়, দেশের সর্বাধিক সংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত ‘তাণ্ডব’।

এদিকে কাজের ফাঁকে সিনেমার পরিচালক রায়হান রাফী শাকিব খানের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘একার চেয়ে একসঙ্গে আমরা অনেক কিছুই করতে পারি। আমরা আগের চেয়েও শক্তিশালী। চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না, তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদতেও চিলে কান নিয়ে গেছে কি না। গুজব থেকে ১০০০ হাত দূরে থাকুন।’