× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে দুই পর্দায়ই তাদের সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১২:২৬ পিএম

ঈদে দুই পর্দায়ই তাদের সিনেমা

ঈদ মানেই দর্শকের জন্য বিনোদনের বাড়তি উৎসব। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। সিনেমাপ্রেমীদের জন্য সুখবর হলো- এবার একঝাঁক তারকা হাজির হচ্ছে দুই পর্দায়ই, বড়পর্দার প্রেক্ষাগৃহে এবং ছোটপর্দার টিভি চ্যানেলে।

আলোচনার কেন্দ্রে রয়েছেন শবনম বুবলী, জয়া আহসান, শরিফুল রাজ, এফএস নাঈম ও জিয়াউল রোশান। তাদের কেউ ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আবার কেউ পুরোনো ছবির টিভি প্রিমিয়ারে মাতাবেন দর্শক হৃদয়।

শবনম বুবলী : দুই পর্দার রানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ শবনম বুবলী এবারও ঈদের উৎসবে দ্বৈত উপস্থিতি নিয়ে এসেছেন। রোজার ঈদে প্রেক্ষাগৃহে ‘জংলি’ এবং ওটিটিতে ‘ছায়া’ দিয়ে প্রশংসা কুড়ানো এই নায়িকা কোরবানির ঈদেও ব্যতিক্রম নন। তার অভিনীত ‘পিনিক’ ও ‘সরদার বাড়ির খেলা’ সিনেমা দুটি রয়েছে প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায়। এর মধ্যে ‘সরদার বাড়ির খেলা’র পোস্টার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে, যা তিনি নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। যদিও ‘পিনিক’ এখনও চূড়ান্ত ঘোষণা পায়নি, তবে নির্মাতারা আশা করছেন এটি শেষ পর্যন্ত মুক্তি পাবে।

একই সঙ্গে টিভি দর্শকদের জন্যও রয়েছে বুবলীর সিনেমা দেখার সুযোগ। চ্যানেল আইয়ে ঈদের দিন প্রচার হবে ‘ছায়া’, চতুর্থ দিন ‘দেয়ালের দেশ’ এবং ষষ্ঠ দিন ‘রিভেঞ্জ’। বলা যায়, এই ঈদে বুবলী ছোট-বড় দুই পর্দায়ই ছড়িয়েছেন।

জয়া আহসান : সাহসী চরিত্রে বড় প্রত্যাবর্তন

সর্বশেষ কয়েক বছর বাংলাদেশ ও ভারতের দর্শকদের মন জয় করে নেওয়া অভিনেত্রী জয়া আহসান ঈদে হাজির হচ্ছেন ভিন্নধর্মী দুই সিনেমা নিয়ে। রায়হান রাফির পরিচালনায় শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় তাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়। অন্যদিকে তানিম নূরের ‘উৎসব’ সিনেমায়ও রয়েছে তার গুরুত্বপূর্ণ উপস্থিতি। টেলিভিশন পর্দায়ও মিলবে তার ঝলক। দীপ্ত টিভিতে ঈদের দিন প্রচার হবে ‘পেয়ারার সুবাস’, যা পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। কলকাতায় ‘তাণ্ডব’-এর ডাবিংয়ের কাজ শেষ করে এখন তিনি অপেক্ষায় রয়েছেন সিনেমা দুটি মুক্তির।

এফএস নাঈম : রোমান্স থেকে অ্যাকশনে

ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এফএস নাঈমের অভিনয় নজরকাড়ে। ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখা যাবে ছবিটি, যেখানে তার বিপরীতে রয়েছেন মিথিলা। একই সঙ্গে বড়পর্দায়ও তিনি থাকছেন আলোচনায়। রায়হান রাফির ‘তাণ্ডব’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ফলে এই ঈদে দুই মাধ্যমেই উজ্জ্বল থাকবেন নাঈম।

শরিফুল রাজ : ফিরছেন রাজকীয় ভঙ্গিমায়

ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত এই সিনেমার ট্রিজার ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। এদিকে তার আগের সিনেমা ‘দেয়ালের দেশ’ এবার চ্যানেল আইয়ের চতুর্থ দিনের আয়োজনে টেলিভিশন প্রিমিয়ারে আসছে। তাই ঈদে রাজকে দেখা যাবে দুই মাধ্যমেÑ নতুন ও পুরোনো উভয় চলচ্চিত্রে।

জিয়াউল রোশান : পুরোনো অপেক্ষার অবসান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে জিয়াউল রোশান অভিনীত ‘সরদার বাড়ির খেলা’। ‘পুলসিরাত’ নামে শুরু হওয়া সিনেমাটি পরে পরিবর্তিত শিরোনামে আসে, তথ্য মন্ত্রণালয়ের আপত্তির পর। রাখাল সবুজ পরিচালিত এই সরকারি অনুদানের সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে তুঙ্গে। এ ছাড়া চ্যানেল আইয়ে ঈদের ষষ্ঠ দিন প্রিমিয়ার হবে তার আরেক সিনেমা ‘রিভেঞ্জ’। এমডি ইকবালের পরিচালনায় নির্মিত এই সিনেমায় রোশানকে দেখা যাবে ভিন্ন এক রূপে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা