প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৫ ১২:১১ পিএম
‘স্ত্রী টু’ সিনেমার সাফল্যের পর ফের আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সিনেমাটি আয় করে প্রায় ৮০০ কোটি রুপি এবং এর মাধ্যমে বলিউডের তৃতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হিসেবে জায়গা করে নেয়। এমন সাফল্যের পর শ্রদ্ধার পরবর্তী প্রজেক্ট নিয়ে কৌতূহলের কমতি ছিল না দর্শকের মধ্যে।
কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ‘তুম্বাদ’-এর পরিচালক রাহি অনীল বারভির নতুন একটি থ্রিলার সিনেমায় কাজ করছেন শ্রদ্ধা। প্রযোজক হিসেবে ছিলেন একতা কাপুর। চরিত্রটি ছিল নারীকেন্দ্রিক, রহস্যে ঘেরা ও শক্তিশালীÑ যা শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারত। কিন্তু সেই সম্ভাবনার ইতি ঘটেছে বলে জানিয়েছে বিনোদন পোর্টাল পিংমুন।

সূত্র জানায়, পারিশ্রমিক নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় প্রজেক্টটি থেকে সরে দাঁড়িয়েছেন শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী টু’র পর নিজের বাজারমূল্য নিয়ে আরও সচেতন হয়ে উঠেছেন তিনি। নতুন ছবিটির জন্য তিনি দাবি করেন ১৭ কোটি রুপি এবং সঙ্গে চেয়েছিলেন লাভের একটি অংশ। তবে প্রযোজক একতা কাপুর এই অর্থনৈতিক শর্তে রাজি হননি।
একতা কাপুরের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘নারীকেন্দ্রিক একটি প্রজেক্টের জন্য শ্রদ্ধার চাহিদা বাজেটের তুলনায় অনেক বেশি। এতে সিনেমার সামগ্রিক খরচ অনেক বেড়ে যাবে, যা ঝুঁকিপূর্ণ।’
শ্রদ্ধার না বলার পর প্রজেক্টটি নিয়ে নতুনভাবে ভাবছেন নির্মাতারা। পরিচালক রাহি অনীল বারভি বর্তমানে ব্যস্ত নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজ নিয়ে। এরপর এই সিনেমার কাজ শুরু হবে, তবে শ্রদ্ধার পরিবর্তে অন্য কাউকে নিয়ে। ইতোমধ্যেই কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।
অন্যদিকে শ্রদ্ধা বর্তমানে মনোযোগ দিচ্ছেন ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বে। ইতোমধ্যে ‘স্ত্রী থ্রি’ নামেও সিনেমার ঘোষণা এসেছে। ছবিটির শুটিং শুরু হবে ২০২৬ সালে, মুক্তি নির্ধারিত ২০২৭ সালের ১৩ আগস্ট। আগের মতোই এতে থাকবেন রাজকুমার রাও, অপারশক্তি খুরানা ও পঙ্কজ ত্রিপাঠী।