প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫ ১২:০২ পিএম
ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় শোবিজ অঙ্গনের অনেক তারকাই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনই কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হলো-
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা : উপদেষ্টা ফারুকী
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুই দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল আমাদের জন্য।’ উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।’
ফারিয়ার বিরুদ্ধে এই মামলা অনেকদিন ধরেই ছিল উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তার কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এ রকম একটা ঘটনা ঘটেছে। এসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।’
স্ট্যাটাসে ফারুকী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবÑ এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’
কী লজ্জার বিষয়! বললেন বাঁধন
ফেসবুকে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গতকাল সোমবার সকালে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন বাঁধন। সেখানে তিনি লিখেছেন, ‘কী লজ্জার বিষয়! যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই।’
বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না বলেন জানান বাঁধন। তার ভাষ্য, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’
ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন : আশফাক নিপুন
নির্মাতা আশফাক নিপুন বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে ছিলেন। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ইস্যুতে গতকাল সোমবার ফেসবুকে নিপুন লিখেছেন, ‘এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার।’ তিনি আরও লিখেছেন, ‘হত্যাচেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়।’ সবশেষে লিখেছেন, ‘আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চেয়েছিলাম। কোনোরকম প্রহসন চাইনি, এখনও চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেওয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।’
জীবনের প্রতিক্রিয়া : কী ভয়ংকর হাস্যকর!
ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে নিজের মতামত ব্যক্ত করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি নুসরাত ফারিয়ার দুটি অপরাধের কথা উল্লেখ করে গতকাল সোমবার ফেসবুকে লেখেন, ‘একটু আগে একটা চ্যানেলের লাইভে দেখলাম নুসরাত ফারিয়াকে আদালতে নেয়া হচ্ছে! কোনো এক অদ্ভুত কারণে মনটা খারাপ হয়ে গেল! বুঝার চেষ্টা করলাম। নুসরাত ফারিয়ার অপরাধটা কী? আপাত দৃষ্টিতে অপরাধ দুটি-
১. মুজিব সিনেমায় অভিনয় করা!
২. জুলাই-আগস্টে শেখ হাসিনার সঙ্গে সেও হত্যা মামলার আসামি!
কি ভয়ংকর হাস্যকর!’
ডাক পেলে মুজিব সিনেমায় কাজ করতে যাওয়ার দুটি কারণ জানিয়ে জীবন লেখেন, ‘নুসরাত ফারিয়া একজন শিল্পী! সে মুজিব সিনেমায় অভিনয় করেছে! আরও অনেক শিল্পীই অভিনয় করেছে! অনেক শিল্পী অডিশন দিয়েছে। বাদ পড়েছে। অনেকে নানাভাবে সংশ্লিষ্ট ছিল! তাহলে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে? আমি, ভাবছি আমার কথা! নুসরাত ফারিয়ার জায়গায় আমিও থাকতে পারতাম! আমাকে ডাকলে আমিও যেতাম। কারণ দুটিÑ
১. আমি শিল্পী। শিল্পীর কাজ হলো যেকোনো শিল্প মাধ্যমে নিজেকে যুক্ত করা।
২. ক্ষমতা! এইটার ব্যাখ্যা দরকার নাই!’
তিনি আরও লেখেন, ‘এখন আসি আসল কথায়। বর্তমান সরকার কোনো শিল্পীকে সরকারি কোনো কাজে ডাকল এবং পরের সরকার এসে গ্রেপ্তার করল! হইতেই পারে। তাইলে শিল্পীর কী করা উচিত! দেশের বা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ থেকে নিজেকে বিরত রাখা!
অভিনেতা খাইরুল বাসার ফেসবুকে লিখেছেন, নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। তিনি লিখেন, ‘এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম না। নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কী হবে?’
প্রসঙ্গত, গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ফারিয়াকে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখান হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় প্রেপ্তার হওয়া নুসরাত ফারিয়াকে গতকাল সোমবার কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করেন আদালত।