৭৮তম কান চলচ্চিত্র উৎসব
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১২:০৮ পিএম
একদিন আগেও ছিল ভিন্ন চিত্র। কিন্তু চিত্র পাল্টে গেল মঙ্গলবার রাতে। ফ্রান্সের সাগর তীরের কান শহরের ‘পালে দে ফেস্টিভ্যাল’ হয়ে উঠল বিশ্ব তারকাদের মিলনস্থল।
উৎসবের প্রথম দিনই হাজির হয়েছেন হ্যালি বেরি। তার সিম্পল সাজ নজর কেড়েছে সবার। ফ্যাশনে বরাবরের মতো এবারও বেলা হাদিদ ছিলেন অনন্য। ইভা লঙ্গোরিয়ার রঙিন উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানের রেড কার্পেটে সবার নজর কেড়েছে। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের বিচারক সদস্যরা- কার্লোস রেয়গাদাস, পায়াল কাপাডিয়া, দিয়েদো হামাদি, জেরেমি স্ট্রং, জুলিয়েত বিয়নোশ, আলবা রোহরভাখার, লেইলা স্লিমানি, হ্যালি বেরি এবং হং স্যাং-সু উদ্বোধনী অনুষ্ঠানের রেড কার্পেটে উপস্থিত ছিলেন। এ বছরের কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রেস কনফারেন্সে হ্যালি বেরি জানিয়েছেন, নতুন রেড কার্পেট নিয়মের কারণে তাকে শেষ মুহূর্তে নিজের পোশাক বদলাতে হয়েছে। উৎসব শুরুর ঠিক আগে আয়োজকেরা ঘোষণা দিয়েছেন যে, এবার থেকে রেড কার্পেটে নগ্নতা এবং অতিরিক্ত আকারের পোশাক, যেমন লম্বা ট্রেন যুক্ত গাউন, নিষিদ্ধ।

বেরি বলেন ‘আমি গুপ্তার এক অসাধারণ পোশাক পরার পরিকল্পনা করেছিলাম কিন্তু সেটার ট্রেন এত বড় যে নিয়ম লঙ্ঘন হয়ে যেত। আমি নিয়ম ভাঙতে চাই না। নগ্নতা নিষিদ্ধ করাটাও সম্ভবত এক ভালো নিয়ম। মঙ্গলবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীর দিনে দেখা মিলল উর্বশীকে। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া পরিলক্ষিত। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। ২০২৫ সালের ‘কান চলচ্চিত্র’উৎসবের লাল গালিচায় ঠিক এই রূপেই ধরা দিলেন অভিনেত্রী।
পৃথিবীর অন্যতম বড় এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়বে ৯টি সিনেমা। কান চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজনে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ৬টির পরিচালক নারী। এর চেয়ে বড় চমক, ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা। কার হাতে শেষ পর্যন্ত পুরস্কার উঠবে, সেটা বোঝা যাবে ২৪ মে, উৎসবের সমাপনী দিনে।