প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫ ১৫:৪০ পিএম
বর্তমানে এমন অনেক অভিনয়শিল্পী রয়েছেন, যারা উপস্থাপনাকে নিছক ‘আনুষঙ্গিক’ হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন।
নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে না থেকে অভিনয়শিল্পীরা যে বহুমাত্রিক প্রতিভা নিয়ে কাজ করেন তার একটি বড় উদাহরণ উপস্থাপনা। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে বিনোদনের রূপ ও পরিসর। অভিনয়শিল্পীরা এখন শুধুই পর্দার চরিত্র নন, তারা মঞ্চ, মাইক্রোফোন ও দর্শকসভার কেন্দ্রেও সমান জনপ্রিয়। ফলে উপস্থাপনায় তাদের পদচারণা আজ কেবল আকস্মিক নয়- বরং অনেকের জন্য এটি হয়ে উঠেছে একটি বিকল্প বা সমান্তরাল পেশা।
বিনোদনের জগতে তারকারা বহু আগে থেকেই উপস্থাপনায় যুক্ত ছিলেন। টিভি শো, লাইভ অনুষ্ঠান কিংবা মঞ্চ আয়োজন- প্রচারের অনেক মাধ্যমেই দেখা গেছে তাদের সাবলীল সঞ্চালনা। কারণ উপস্থাপনা নিছক স্ক্রিপ্ট পড়ে দেওয়ার কাজ নয়; বরং এখানে আবেগ প্রকাশ, শ্রোতার সঙ্গে সংযোগ, বিষয়বস্তুর ওপর দখল ও ভাষার মাধুর্যÑ সবকিছুর সমন্বয় জরুরি। অভিনয়শিল্পীদের এই জায়গায় এগিয়ে রাখে তাদের বহুমাত্রিক অভিজ্ঞতা।
বর্তমানে এমন অনেক অভিনয়শিল্পী রয়েছেন, যারা উপস্থাপনাকে নিছক ‘আনুষঙ্গিক’ হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। মাসুমা রহমান নাবিলা ফিরেছেন দীর্ঘ সাত বছর পর বিটিভির ঈদ আয়োজনে। ‘আনন্দমেলা’ দিয়ে আবারও প্রমাণ করলেন তার উপস্থাপনার জাদু এখনও অমলিন।
মামনুন ইমন, সাধারণত রোমান্টিক সিনেমার নায়ক হিসেবে পরিচিত হলেও এবার টিভি অনুষ্ঠানের সঞ্চালনায় সাবলীলভাবে দায়িত্ব পালন করে চমকে দিয়েছেন। নাদিয়া আহমেদ ও এফএস নাঈম জুটি হয়ে রান্না বিষয়ক অনুষ্ঠান উপস্থাপন করে প্রমাণ করেছেন উপস্থাপনাও হতে পারে বিনোদনের একটি অভিনব মাধ্যম। তাহসান খান এনেছেন আন্তর্জাতিক ফরম্যাট ‘ফ্যামিলি ফিউড’-এর স্বাদ, যার মাধ্যমে তার উপস্থাপনার একটি আলাদা শ্রেণি তৈরি হয়েছে।
এখন আর শুধু অভিনেতা বা নির্মাতা নন, বিতর্কিত হলেও শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনার ধরন, প্রশ্নের সরাসরি ভঙ্গি এবং উপস্থাপনার ঘরানা এক ধরনের স্বাতন্ত্র্য তৈরি করেছে। ইমতু রাতিশ, মৌসুমী মৌ, নীল হুরের জাহান- এরা নিয়মিত টিভি অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছেন। কেউ সাবলীল কথোপকথনে, কেউ হাস্যরস আর কেউ আবার তথ্যবহুল টোনে দর্শকের মন জয় করছেন।
দেড় বছরের বিরতি ভেঙে মুমতাহিনা টয়া ফিরেছেন ‘টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং’ রিয়েলিটি শো দিয়ে, যেখানে তার স্মার্ট সঞ্চালনা নতুন এক চেহারা দেখিয়েছে। ঐন্দ্রিলা আহমেদ দুই দশক পর ফিরেছেন উপস্থাপনায়, রোজার আয়োজনে তাকে আবারও মাইক্রোফোন হাতে দেখে দর্শকরাও পেয়েছেন নস্টালজিয়া। এ ছাড়া সারিকা, আফসানা মিমি, স্বাগতা, অপু বিশ্বাস, মৌটুসী বিশ্বাস, তাসনুভা মোহনা ও সামিয়া আফরিন নিয়মিতই বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করছেন। কেউ নারী বিষয়ক অনুষ্ঠানে, কেউ লাইফস্টাইল শোতে, কেউবা আবার ফ্যাশন ও লাইভ কনসার্টে।
আজকের তারকাদের জন্য উপস্থাপনা শুধু ‘অতিরিক্ত দক্ষতা’ নয়, বরং এটা হয়ে উঠছে নিজস্বতার আরেকটি প্ল্যাটফর্ম। এ মাধ্যমে তারা যেমন দর্শকের আরও কাছাকাছি পৌঁছাতে পারছেন, তেমনি নিজেদের বহুমাত্রিক প্রতিভাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করতে পারছেন।