প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৫ ১৫:২৯ পিএম
গত বছর প্রায় একই সময়ে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে কনসার্ট করেছিলেন ম্যাডোনা। তার সেই কনসার্ট দেখতে ভিড় করে ১৪ লাখ দর্শক। এবার পপ কুইনকেও ছাড়িয়ে গেলেন লেডি গাগা।
শনিবার রাতে কোপাকাবানা সৈকতে তার কনসার্টে হাজির ছিল ২১ লাখ দর্শক। লাখো দর্শকের সামনে মঞ্চে পাওয়া যায় চেনা গাগাকে, নাচে-গানে মাতিয়ে রাখেন ৩৯ বছর বয়সি গায়িকা-অভিনেত্রী। কোপাকাবানা সৈকতে মূল কনসার্টের আগে অনুশীলন করেন গাগা; সেটা দেখতেই ভিড় করেছিল হাজারো দর্শক। আয়োজকরা নিশ্চিত করেছেন, শনিবার রাতে মূল কনসার্ট দেখতে ২০ লাখের বেশি মানুষ হাজির হয়েছিল।
‘আমার মনে হয়, গত বছরের ম্যাডোনার কনসার্টের চেয়ে এবার গাগার উপস্থিতি বেশি মানুষকে আকৃষ্ট করেছে। পুরো শহর মানুষে ভরে গেছে, খুবই রোমাঞ্চিত লাগছে,’ সিএনএনকে বলেন গায়িকার এক ভক্ত লুকাস। অনেক ভক্ত গাগাকে ‘লিটল মনস্টার’ নামে ডাকেন। এদিন কনসার্টে তার প্রিয় গায়িকার আদলে সেজে আসেন। মেকআপ আর কস্টিউমে অনেকের সাজ এতটাই নিখুঁত ছিল যে, অনেককে দেখলে সত্যি সত্যি লেডি গাগাই মনে হয়। এদিন কনসার্টে গান আর তুমুল করতালির ফাঁকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গাগা।