প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ১৬:৩১ পিএম
ছবি : সংগৃহীত
ঈদুল ফিতরে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’। দেশের দর্শকদের কাছে প্রশংসিত হয়ে সিনেমাটি গত ১২ এপ্রিল মুক্তি পায় অস্ট্রেলিয়ায়। মুক্তির পর থেকেই সেখানে হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছে সেখানকার পরিবেশক পথ প্রোডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্ট।
প্রযোজনা সংস্থা জানায়, মুক্তির ঘোষণার পর থেকেই টিকিটের সংকট দেখা দিলে শো বাড়ানো হয়। নতুন খবর হলো দর্শকের আশাতীত রেসপন্সের পর আগামী মাসেও দাগি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান। তারা জানায়, আগামী মে মাস পুরোটা জুড়ে ১৮টি শো নিয়ে দাগি চলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে।
পথ প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়, দাগি মুক্তির পর থেকেই শো হাউসফুল যাচ্ছে। শুরুতে অস্ট্রেলিয়ায় ১৫টি শো চলার কথা থাকলেও দর্শক চাপে আরও ৫টি বেড়ে ২০টি শো চালানো হয়। দর্শক চাহিদায় আমরা আগামী মে মাস পুরোটা ১৮টি শো চালাব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে। এর আগে যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে একযোগে মুক্তি পেল শিহাব শাহীন পরিচালিত সিনেমা দাগি। নিউইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিস্কো, আটলান্টা, ডালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, মিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমাসহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবে।
আফরান নিশো অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘দাগি’ আন্তর্জাতিক বাজারে পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। এটি তাদের ৪৯তম আন্তর্জাতিক পরিবেশনা। বায়োস্কোপ ফিল্মসের সিএফও নওশাবা রুবনা রশীদ জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, জর্জিয়া, কলোরাডো, ওকলাহোমা ও ফ্লোরিডাসহ মোট ১৫টি শহরের প্রেক্ষাগৃহে দাগি চলবে আগামী ১৫ মে পর্যন্ত।
২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর। এর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউজার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো প্রভৃতি। এ ছাড়া মের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে।
দাগিতে অভিনয় করেছেন আফরান নিশো। এই সিনেমার মাধ্যমে দুই বছর পর সিনেমা হলে ফিরেছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।