× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে ঝড় দেশি সিনেমার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১৯:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদে এবার ছয়টি ছবি হলে মুক্তি পেয়েছে। ব্যবসায়িক সফলতা না পাওয়ায় দুটি ছবি নামিয়ে ফেলেছেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। বাকি চারটি মুক্তির পর টানা ২৫ দিন ধরে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’। ১২০ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আলোচনায় ছবিটি। মুক্তির এতদিন পরও দর্শকের আগ্রহ কমেনি। তার পরই আছে দাগি, জংলি ও চক্কর। এর মধ্যে বরবাদ, দাগি, জংলি দেশের বাইরেও মুক্তি পেয়েছে।

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও ঝড় তুলছে বরবাদ

১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের বরবাদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই সেখানকার বাঙালি অধ্যুষিত এলাকায় বেশ সাড়া ফেলে। এমন সাফল্যের মধ্যে দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু স্টেটে চলছে বরবাদ, সেখানেও ছবিটি রয়েছে বেশ দাপুটে অবস্থানে।

পরিবেশক এসকে ফিল্মস ইউএসএর সিইও বদরুদ্দোজা সাগর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে বরবাদ। আসলে আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবকটি থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছি, আশা রাখছি আগামীতেও দর্শকের উপস্থিতি এমনই থাকবে।’

বাংলা সিনেমা নিয়ে আশা প্রকাশ করে তিনি জানান, ‘এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি। এতে বাংলা সিনেমার দুর্নাম হয়েছে। বড় সিনেমা চেইনগুলোর ধারণা বাংলা সিনেমাই বক্স অফিস ফ্লপ! কিন্তু বরবাদ যেখানে চলছে, সবখানে বেশ ভালো চলছে।’

শাকিব খান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল, যীশু সেনগুপ্ত। দেশের বাজারে ছবিটি ব্যাপক সাফল্যের পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও ইতালিতেও ঝড় তুলেছে।

বিদেশের ৪০ শহরে জংলি

গেল রোজার ঈদে দেশ মাতিয়েছে জংলি সিনেমা। সিয়াম আহমেদ অভিনীত এ সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। দেশ মাতিয়ে এবার বিদেশের দর্শকের সামনে আসতে চলেছে সিনেমাটি। গতকাল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৪০টি শহরের বিভিন্ন থিয়েটারে মুক্তি পায় সিনেমাটি।

পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ছবিটি মুক্তি দিচ্ছে। তারা জানায়, প্রথম সপ্তাহেই কানাডার ৫, যুক্তরাষ্ট্রের ২৮ ও যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে জংলি। ইউকেতে তাদের সঙ্গে যৌথ পরিবেশনায় আছে রিভেরি ফিল্মস।

বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসির ১২, রিগ্যালের ১৪, শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে জংলি। কানাডার ৫টি সিনেপ্লেক্স, যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৭টি স্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি।

এ ছবির নামভূমিকায় রয়েছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন শিশু শিল্পী নৈঋতা, নায়িকা বুবলী ও দীঘি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। পরিচালনা করেছেন এম রাহিম। 

যুক্তরাষ্ট্রে দাগি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পেল শিহাব শাহীন পরিচালিত সিনেমা দাগি। নিউইয়র্কসহ উত্তর আমেরিকার মোট ১৫টি শহরে দেখা যায় সিনেমাটি। এটি পরিবেশিত হচ্ছে বায়োস্কোপ ফিল্মসের ব্যানারে।

নিউইয়র্কের কেউ গার্ডেন সিনেমাসে দাগির জন্য সাত দিনব্যাপী ২১ শোয়ের বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া যে শহরগুলোতে দাগি দেখা যাবে সেগুলো হলো নিউইয়র্ক, বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রানসিসকো, আটলান্টা, ডালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, পিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমাসহ বেশ কয়েকটি সিটিতে।

২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর। এর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটেল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউজার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো প্রভৃতি। এ ছাড়া মে’র প্রথম সপ্তাহ থেকে সিনেমাটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে।

সিনেমাটি আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের ৪৯তম পরিবেশনা। সিনেমাটি নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও নওশাবা রশিদ জানান, ‘দাগি আমাদের ৪৯তম পরিবেশনা। এ সাড়ে ছয় বছরের পথচলায় আমাদের যতটুকু অর্জন, এর কৃতিত্ব সম্পূর্ণভাবেই উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকের। তাদের ভালোবাসা ও সমর্থনের ঋণে আমরা আবদ্ধ। দাগি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। বাংলাদেশের দর্শকের মতো এ ছবি এখানকার দর্শকের মনে সত্যিই দাগ কাটবে বলে আমার বিশ্বাস।’

সিনেমাটির নির্মাতা শিহাব শাহীন জানান, ‘দাগি সম্পূর্ণ একটি বাংলাদেশের ছবি। দেশের বাইরেও শুটিংয়ের প্রস্তাব ছিল, কিন্তু আমি সম্পূর্ণ দেশের লোকেশনেই শুট করেছি। পুরো ছবিটিই বাংলাদেশের গন্ধে ভরপুর। আমার বিশ্বাস বাংলাদেশের মতো উত্তর আমেরিকার দর্শকের কাছেও সিনেমাটি দারুণভাবে সাড়া ফেলবে।’

দাগিতে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা