প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১১:৪৬ এএম
আলিয়া ভাট।
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম আলিয়া ভাট। মাত্র ১৯ বছর বয়সে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক করে জানান দেন এসেছেন লম্বা সময়ের জন্য। সেদিনের আলিয়া এবার সুখবর দিলেন। জানালেন নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের কাজের সুযোগ করে দিতে চান তিনি। খবর : বলিউড বাবল
ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করতে চলেছে আলিয়ার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন। যদিও এই প্রথমবার নয়, এর আগেও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করেছিল আলিয়ার সংস্থা।
এর আগে বন্য প্রাণীর চোরাশিকার নিয়ে তৈরি একটি সিরিজ এসেছিল অ্যামাজন প্রাইম ভিডিওয়, যার নাম ছিল ‘পোচার’। সিরিজটি প্রযোজনা করেছিল আলিয়ার প্রযোজনা সংস্থা। এবার নবাগতদের নিয়ে নতুন প্ল্যান করতে চলেছেন আলিয়া। জানা গেছে, চারজন তরুণ অভিনেতা-অভিনেত্রী নিয়ে তৈরি হবে নতুন একটি সিরিজ। যার গল্প তৈরি হবে কলেজ ক্যাম্পাস ঘিরে। ইতোমধ্যে প্রাক-প্রযোজনা পর্বের কাজ শুরু হয়ে গেছে। এ বছরের শেষের দিকে শুরু হবে শুটিং।
তবে শুধু এ সিরিজ নয়, মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটের দুটি সিরিজ প্রযোজনা করতে যাচ্ছেন কাপুরবাড়ির বউ। সেখানেও সুযোগ দেওয়া হবে তরুণদের। আলিয়া বর্তমানে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। পর্দার এ তারকা জুটি ব্যস্তবে এপ্রিলের ১৪ তারিখ বিয়ের তিন বছর পার করেছেন।