প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ১২:০১ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫ ১২:০৫ পিএম
অভিনেত্রী গুলশান আরা আহমেদ। ছবি : ফেসবুক থেকে
অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টে মৃত্যুর খবরটি দেওয়া হয়।
আজ মঙ্গলবাল সকাল পৌনে ৭টায় অভিনেত্রী মারা যান। গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বোনের ছেলে অভিনেতা আর এ রাহুল। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এ অভিনেত্রী মারা গেছেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। অভিনেতা মিশা সওদাগর, নির্মাতা কাজল আরেফিন অমিসহ অনেকেই ফেসবুক পোস্টে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। একাধিক সূত্র অনুযায়ী, হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন অভিনেত্রী। দ্রুতই লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
গুলশান আরা আহমেদের ফেসবুক আইডি থেকে আজ মাঝরাতে লেখা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’ পরে শোনা যায় মৃত্যুর খবর, অর্থাৎ লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাকে। ভোরে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অভিনেত্রীকে দাফন করা হবে। গুলশান আরা ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে কাবিলার (জিয়াউল পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে পরিচিতি পান।