× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিক্যুয়েলে ফিরছেন ব্র্যাড পিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ১২:৪১ পিএম

‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিক্যুয়েলে ফিরছেন ব্র্যাড পিট

হলিউডের জনপ্রিয় নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর পরিচালনায় ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’। অস্কারজয়ী এ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ব্র্যাড পিট জিতেছিলেন একাডেমি অ্যাওয়ার্ড।

সে সিনেমার সিক্যুয়েল এবার নির্মাণ হতে যাচ্ছে এবং তাতে আবারও ফিরছেন ব্র্যাড পিট। বিশ্ববিখ্যাত বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, নতুন এ ছবির পরিচালনায় থাকছেন না টারান্টিনো। বরং সিক্যুয়েলের পরিচালকের দায়িত্বে থাকবেন আরেক নামজাদা পরিচালক ডেভিড ফিঞ্চার। তবে টারান্টিনো পুরোপুরি বাদ যাচ্ছেন না; তিনি থাকছেন কেবল চিত্রনাট্যকার হিসেবে। সিক্যুয়েলে আগের সিনেমার ‘ক্লিফ বুথ’ চরিত্রে আবার অভিনয় করবেন ব্র্যাড পিট। মূল সিনেমাটিতে তার এ স্টান্টম্যান চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল এবং তাকে এনে দিয়েছিল অস্কার। তবে প্রথম ছবির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং মার্গো রবি এ কিস্তিতে থাকবেন কি না, এখনও নিশ্চিত নয়।

এ সিক্যুয়েলকে বলা হচ্ছে সমসাময়িক সময়ের অন্যতম ব্যতিক্রমধর্মী প্রজেক্ট। এর পেছনে রয়েছে পরিচালকের বড়সড় পরিবর্তন, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান এবং ভিন্ন ধরনের মুক্তির কৌশল। প্রথম সিনেমাটি তৈরি হয়েছিল সনি পিকচার্সের ব্যানারে। কিন্তু টারান্টিনো ছবির স্বত্ব নিজের কাছেই রেখেছিলেন। ফলে সিক্যুয়েলটি তিনি এবার তৈরি করছেন নেটফ্লিক্সের সঙ্গে, যা সরাসরি মুক্তি পাবে ওটিটিতে; সিনেমা হলে নয়। গল্পটি গড়ে উঠেছে ১৯৭০-এর দশকে, যেখানে ব্র্যাড পিট অভিনয় করবেন এক চলচ্চিত্র সমালোচকের চরিত্রে, যে একটি পর্নোগ্রাফি ম্যাগাজিনে লেখালেখি করে।

এ সিনেমার মাধ্যমে বহুদিন পর আবারও এক হচ্ছেন ব্র্যাড পিট ও ডেভিড ফিঞ্চার। তারা একসঙ্গে এর আগেও কাজ করেছেন ‘সেভেন’, ‘ফাইট ক্লাব’ এবং অস্কারজয়ী ‘দ্য কিউরিয়াস কেস অব বেনজামিন বাটন’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা