প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১১:২৪ এএম
মুক্তির মিছিলে যোগ হলো শাকিব অভিনীত আরেক সিনেমা ‘অন্তরাত্মা’।
কথা ছিল এ ঈদে শাকিব খানের একটি সিনেমাই মুক্তি পাবে। সেটি হলো ‘বরবাদ’। এটা ঘিরেই ছিল হলমালিকদের যাবতীয় প্রস্তুতি। শাকিব খান, মোশাররফ করিম, আফরান নিশো কিংবা সিয়াম— কার সিনেমা কতটা হল পেতে পারে, সে হিসাব অনেকটা হয়েই ছিল। তবে শেষ পর্যন্ত সমীকরণ সহজ হলো না। মুক্তির মিছিলে যোগ হলো শাকিব অভিনীত আরেক সিনেমা ‘অন্তরাত্মা’। এতে নিজের সঙ্গে নিজেরই প্রতিযোগিতা বাড়ল শাকিবের।
দীর্ঘদিন আটকে থাকার পর সিনেমাটি এবার সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। ২৪ মার্চ পায় আনকাট ছাড়পত্র। বোর্ডের দুয়ার পেরিয়েই প্রযোজক ঘোষণা দিয়েছেন, ‘রোমান্টিক ড্রামা অন্তরাত্মা আসছে এ ঈদে আপনার পাশের প্রেক্ষাগৃহে।’ এ সিনেমার শুটিং হয়েছিল ২০২১ সালে। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা থাকলেও করোনার কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এরপর একের পর এক উৎসব ঘিরে শাকিবের অন্য সিনেমা এলেও অনেকটা আলোচনার বাইরে পড়ে ছিল অন্তরাত্মা। তবে প্রযোজক এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ঈদেই সিনেমাটি নিয়ে আসবেন দর্শকের সামনে। প্রযোজক সোহানি হোসেন বলেন, ‘আমরা অনেক আগে থেকেই প্রস্তুত ছিলাম। অপেক্ষায় ছিলাম সেন্সরে জমা দেওয়ার জন্য। কিন্তু সেন্সর নিয়ে বসে থাকতে চাইনি। আমাদের চাওয়া ছিল, সিনেমা সেন্সর হবে, সেটাকে পরে বসিয়ে না রেখে সিনেমা হলে মুক্তি দেওয়া। কিন্তু সে সুযোগ করোনার পর স্বাভাবিক সময়ে পাচ্ছিলাম না। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে।’ সিনেমাটির ট্রেলার মুক্তি পেল ২৬ মার্চ। গ্রামীণ গল্প নিয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে আরও অভিনয় করেছেন দর্শনা বণিক, শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী প্রমুখ।
অনুমতি পেল ‘বরবাদ’
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি থাকায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ফেরত আসে । দৃশ্যগুলো সম্পাদনা করে মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে। অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা বলেন, ‘দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সব সময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। বরবাদ সিনেমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাই মিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটি মুক্তিতে কোনো বাধা নেই।’ জানা গেছে, সিনেমাটি ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে। মেহদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।