প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৪:২৪ পিএম
ছবি কোলাজ : প্রবা
ঈদে মুক্তির অপেক্ষায় আলোচিত সব তারকার সিনেমা। এসব সিনেমার ট্রেলার, টিজার, গান নিয়ে সরগরম ঢালিউড। রমজান মাস শুরুর কয়েক দিন আগেই আসে জ্বীন-৩ সিনেমার শুটিংয়ের খবর। টানা কাজ করে কিছুদিন আগেই গান দিয়ে শেষ হয় সিনেমাটির শুটিং। মুক্তি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে সিনেমার কাজ এখন শেষ। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়েছে। এক সূত্র জানান, সিনেমার বাজেট ২ কোটি টাকার বেশি। জ্বীন-৩ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া।
ঈদের আলোচিত সিনেমা দাগি। সিনেমাটি দিয়ে দুই বছর পর আবার ঈদে প্রেক্ষাগৃহে আসছেন আফরান নিশো ও তমা মির্জা জুটি। সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার পর বড় পরিসরে প্রচার শুরু করবে বলে দাগি সিনেমাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিনেমাটির বাজেট সাড়ে ৪ কোটি টাকা।
মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের চক্কর ৩০২ সিনেমার বাজেট নিয়ে নির্মাতা ও প্রযোজক শরাফ আহমেদ জীবন জানান, অনুদানের সিনেমার অর্থ সরকারের পক্ষ থেকে একটা সহায়তামাত্র। তার দাবি, এ বাজেট দিয়ে বড়জোর প্রি-প্রোডাকশন হয়। সিনেমা বানানো সম্ভব হয় না। তার সিনেমায় শুধু শিল্পীদের সম্মানিই দিতে হয়েছে ৬০ লাখ টাকার বেশি।
গণমাধমকে দেওয়া সাক্ষাৎকারে জীবন বলেন, ‘আমার সিনেমার শুটিং-পরবর্তী সব কাজ হয়েছে দেশের বাইরে। কলাকুশলীরা সবাই অভিজ্ঞ। ভালো একটা দক্ষ টিম নিয়ে কাজ করা। আমরা তো বিজ্ঞাপনে কাজ করে অভ্যস্ত। সে জায়গা থেকে কোনো ছাড় না দিয়ে নিজে ও আরও সহপ্রযোজক নিয়ে কাজটি শেষ করেছি।’ শোনা যাচ্ছে, আপনার সিনেমার বাজেট দেড় কোটি টাকা? এমন প্রশ্ন শুনে জীবন বলেন, ‘বাজেট আমি বলব না, তবে এর অনেক বেশি।’ প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে সিনেমাটির সঙ্গে যুক্ত একজন জানান, সিনেমার বাজেট ৩ কোটির বেশি।
ঈদে এখন পর্যন্ত আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ। বর্তমানে সিনেমাটি কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে হিসাব কষছে প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমার প্রযোজক শাহরিন আক্তার গণমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আমাদের সিনেমার বাজেট নিয়ে একেকজন একেক রকম কথা বলছেন। সেটা আমরা দেখছি। তবে এখন পর্যন্ত আমাদের সিনেমার পেছনে খরচ হয়েছে ১৫ কোটি টাকা। সামনে প্রমোশনের জন্য আরও খরচ তো আছেই। সেটা আরও ছাড়িয়ে যাবে।’
ঈদের আরেক আলোচিত সিনেমা জংলি। সিনেমায় সিয়াম আহমেদের লুক প্রশংসিত হয়েছে। তার সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। সিনেমাটি এখন সার্টিফিকেশন সনদের অপেক্ষায়। সিনেমাটির প্রযোজক অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান বলেন, ‘আমাদের সিনেমার প্রাথমিক বাজেট ছিল ২ কোটি টাকা। এটাও দেশের বর্তমান প্রেক্ষাপটে বেশি। সেখান থেকে আরও বাড়াতে হয়েছে। কারণ, এখন নির্মাণ খরচ বেশি। যে কারণে সিনেমার সব খরচ বেড়ে দাঁড়িয়েছে আড়াই কোটি টাকা।’
দীর্ঘদিন ধরেই ঢালিউড সিনেমার জন্য ভালো সময় যাচ্ছে না। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। কমছে প্রযোজক। এ ছাড়া অনেক প্রযোজক সিনেমা নির্মাণে এগিয়ে এসেও সিনেমা মুক্তি দিতে হিমশিম খাচ্ছেন। সম্প্রতি শোনা যাচ্ছে শাকিব খানের বরবাদ মুক্তির অনিশ্চয়তার কথা। সে অনিশ্চয়তার কথা শুনে আরেক নায়ক সিয়াম আহমেদ ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, ‘চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।’ সিনেমা নিয়ে একজন অভিনয়শিল্পীর সংগ্রামের গল্প বলতে গিয়ে সিয়াম লিখেছেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি জানি, একেকটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকানো থাকে। আমাদের মৃতপ্রায় ঢালিউড ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে-যার জায়গা থেকে অবদান রাখার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন কানে আসে, তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়।’ দুই দিন ধরে বরবাদ সিনেমার মুক্তির অনিশ্চয়তা নিয়ে অনেক কথাই হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রযোজক আশাবাদী, সিনেমাটি ঈদেই মুক্তি দেওয়া যাবে। আজ বরবাদ সেন্সরে জমা দেওয়ার খবর এসেছে। সে সিনেমা নিয়ে সিয়াম গতকাল রাতে লিখেছেন, ‘একটা সিনেমা আটকে দেওয়া মানে কতগুলো স্বপ্ন আটকে দেওয়া। বরবাদ আমি, আমরা সিনেমা হলে দেখতে চাই।’