প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৪:৩৬ পিএম
পূজা চেরি
গত বছরের মার্চে না-ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। গতকাল ২৪ মার্চ ছিল মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। রবিবার দিবাগত রাতে মা ঝর্ণা রায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মা ও মা! কেমন আছ তুমি? তোমাকে দেখি না ৩৬৫টা দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এ সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ংকর।’ এরপর পূজা লেখেন, ‘বুকে কী যেন আটকে থাকে সব সময় মামুনি। মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না, কেমন জানি আরও বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে।’ ‘মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাত না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।’ পূজা লেখেন, ‘জানো মামুনি, সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হাহাহা, তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছ মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কী বেদনার তা কেবলই ওই মাহারা মেয়েরাই বোঝে।’
নিজের প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নিই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।’