প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১২:৩৪ পিএম
সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ছবি : সংগৃহীত
দুজনই সংগীতজগতের জনপ্রিয় মুখ। সুরের ছন্দেই একে অন্যের সঙ্গে জড়িয়েছেন সম্পর্কে। বাগদান সম্পন্ন হয়েছে এরই মধ্যে। যৌথ জীবন শুরুর আগে যৌথ গানে শ্রোতাদের মাতাতে এবার প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে মিউজিক অ্যালবাম আনতে চলেছেন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ।
কিছুদিন আগেই সেলেনা আভাস দিয়েছিলেন নতুন অ্যালবাম নিয়ে আসার। বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে সে অ্যালবাম। অ্যালবামটি করেছেন প্রেমিক বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে। অ্যালবামের নাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’। এতে রয়েছে ১৪টি গান।
অ্যালবামের প্রথম গান ‘ইয়ংগার অ্যান্ড হটার দ্যান মি’ মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। এতে সেলেনার সঙ্গে দেখা দিয়েছেন ব্ল্যাঙ্কোও। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে স্পটিফাইতে একটি সাক্ষাৎকার দিয়েছেন যুগল। সেখানে সেলেনা বলেন, ‘আমরা সকালে ঘুম থেকে উঠেই আলোচনা শুরু করতাম, অ্যালবামের গানগুলো কেমন হবে তা নিয়ে কথা বলতাম।’
অন্যদিকে ব্ল্যাঙ্কো জানান, তিনি শুধু সেলেনার কথা ও চিন্তাভাবনা বোঝার চেষ্টা করতেন, আর সেটাই তুলে ধরেছেন গানে। তার ভাষ্য, ‘মাঝেমধ্যে সেলেনা এমন কিছু কথা বলে ফেলত, যেটা হয়তো সে নিজেও উপলব্ধি করেনি। তবে আমি সেটা টুকে রাখতাম এবং ভাবতাম, এটা তো গানের জন্য অসাধারণ একটি লাইন!’