বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৭:৪৯ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৮:০৩ পিএম
বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। বিয়ের পর থেকেই দুজন তাদের জীবনের সেরা সময় পার করছেন। দুজনই অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও পরিবারই তাদের প্রথম গুরুত্ব। দুজনই বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী। তাদের ভক্তসংখ্যাও রয়েছে পৃথিবীজুড়ে। তবে সাইফ আলি খানের পছন্দের অভিনেত্রীর তালিকায় নেই স্ত্রী কারিনা কাপুর খান।
সম্প্রতি বি-টাউনের এই দুই তারকা সৌদি আরবের রেড সি ফিল্ম ফ্যাস্টিভ্যাল উপলক্ষে জেদ্দায় গিয়েছিলেন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তারা দুজন। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন সাইফ। তার কাছে জানতে চাওয়া হয় তার পছন্দের অভিনেত্রীদের নাম। উত্তরে সাইফ বলেন, ‘নারী চরিত্র ছাড়া সিনেমা শুরু হতেই পারত না। সিনেমা নিয়ে চিন্তা করলেই একের পর এক দাপুটে অভিনেত্রীদের কথা মনে পড়ে। যেমন মার্লিন দিতারিচ, অড্রে হেপবার্ন। এরা সবাই আমার খুব পছন্দের অভিনেত্রী।’
সাক্ষাৎকার দেওয়ার সময় সাইফের পাশেই দাঁড়িয়ে ছিলেন স্ত্রী কারিনা কাপুর খান। স্বামী তার পছন্দের অভিনেত্রীদের তালিকায় তাকে না রাখলেও তিনি বিব্রত ছিলেন না। তিনি হাসিমুখে তার স্বামী অভিনেতা সাইফকে বলেন, ‘তোমার স্ত্রীও একজন অভিনেত্রী।’ আর সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে সাইফ আলি খান বলেন, ‘একদম, আমার মিষ্টি সুন্দর বউও আমার পছন্দের অভিনেত্রী।’ তাদের এই মজার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
দীর্ঘদিন প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে ভালোবেসে ঘর বাঁধেন সাইফ-কারিনা। বিয়ের ৪ বছরের মাথায় ২০১৬ সালে তাদের ঘর আলোকিত করে জন্ম হয় কারিনার প্রথম সন্তান তৈমুর আলি খানের। এরপর ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় সন্তান জাহাঙ্গীরের জন্ম হয়।
সাইফ আলি খান তার আসন্ন সিনেমা ‘আদিপুরুষ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে এ সিনেমার টিজার বেশ সমালোচিত হয়েছে। সাইফের চরিত্র নিয়েও বেশ আলোচনা হয়। সিনেমায় সাইফ ছাড়া আরও অভিনয় করেছেন দক্ষিণী তারকা প্রভাস ও কৃতি শ্যানন। ছবিটি ২০২৩ সালে মুক্তি দেওয়া হবে।