বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৭:৩৫ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৮:০৬ পিএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নাম চিত্রনায়িকা পপি। একটা সময় ছিল পপির সিনেমা মানেই ভক্তদের মনে উল্লাস। সেই উল্লাস পুঁজি করে কাজ করছেন জনপ্রিয় সব পরিচালকের সঙ্গে। উপহার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। স্বপ্নের সেই সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে এখন সংসার নিয়ে ব্যস্ত তিনি। দীর্ঘদিন ধরে কাজও করছেন না নতুন কোনো সিনেমায়। নেই কোনো খবরেও।
তবে এবার ফিরছেন তিনি। সেটি একটু অন্যভাবে। দীর্ঘ সময় পর বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা। যার নাম ‘ডাইরেক্ট অ্যাটাক’। সিনেমাটি ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। তবে পপি যে ছবির প্রচারণায় থাকবেন না তা এক প্রকার নিশ্চিত করেছে সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।
ছবি মুক্তির বিষয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে সাদেক বলেন, ‘আমাদের এই সিনেমাটি নিয়ে এখনও কোনো প্রচারণা শুরু করিনি। আপাতত নিজেদের আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুয়েক দিনের মধ্যে প্রচার শুরু হবে। তবে গল্পের প্রধান চরিত্র অভিনেত্রী পপি সেখানে থাকতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। কারণ কোনোভাবেই পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আর নতুন কোনো সিনেমায় অভিনয় করবে কি না সে বিষয়েও কিছু বলতে পারছি না।’
সিনেমাটি নিয়ে বিভিন্ন সময় পপি গণমাধ্যমে কথা বলেছিলেন। জানিয়েছিলেন তার অভিনয়ের অভিজ্ঞতার কথা। তবে মুক্তির সময় তার থাকা না থাকার বিষয়টি এখনও ধোঁয়াশা।
সিনেমায় পপির চরিত্রটি একজন ডিবি কর্মকর্তার। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আমিন খান। যে নিজেও অনেক দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন।
প্রথমে সিনেমাটির নাম ছিল ‘সাহসী যোদ্ধা’। সেই নাম নিয়েই শুটিং শুরু করে পরিচালক। এরপর করোনার মধ্যে সিনেমাটির শেষ লটের শুটিং শেষ হয়। এরপর ২০২১ সালে সেন্সর থেকে ছাড়পত্র পায় ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে। এখন শুধু মুক্তির অপেক্ষায়। পপি-আমিন খান ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলা প্রমুখ।