× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুনভাবে ‘বৈয়াম পাখি’, সঙ্গে জেফার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৬:২৯ পিএম

নতুনভাবে ‘বৈয়াম পাখি’, সঙ্গে জেফার

জেফার রহমান কি অ্যালেন স্বপনের নতুন ‘বৈয়াম পাখি’? গানে গানে অ্যালেন স্বপন তার বাসনার ইঙ্গিত দিলেও জেফার একেবারেই তা উড়িয়ে দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি বৈয়াম পাখি নই!’ এ সুরসংঘাতের সমাধান হয়তো মিলবে আসন্ন ঈদুল ফিতরে, যখন চরকির পর্দায় উন্মোচিত হবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’।

১৯ মার্চ বিকালে মুক্তি পেয়েছে ‘বৈয়াম পাখি ২.০’ সিরিজটির নতুন মৌলিক গান। এ গানের সঙ্গেই চরকি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, জেফার এবার সিরিজের অংশ। শুধু কণ্ঠ দিয়েই নয়, অভিনয়েও দেখা যাবে তাকে। এর আগে ‘মনোগামী’ সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম কোনো সিরিজে জেফারের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।

‘অ্যালেন স্বপন’ চরিত্র ও সিরিজ সম্পর্কে জেফারের জানা আগ থেকেই ছিল। নির্মাতা শিহাব শাহীন যখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন, তখন দ্বিতীয়বার ভাবতে হয়নি। জেফার বললেন, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে অভিনয় করতেই আমার ভালো লাগে।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানের জগৎ থেকেও দূরে সরে যেতে পারেননি। তাই বৈয়াম পাখি ২.০-তে কণ্ঠও দিয়েছেন।

বৈয়াম পাখি ২.০ মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া বৈয়াম পাখি গানের নতুন সংস্করণ। আগের সিজনে গানটির কণ্ঠে ছিলেন নাসির উদ্দিন খান, যিনি অ্যালেন স্বপনের চরিত্রে অভিনয় করেছেন। এবার তার সঙ্গে গলা মিলিয়েছেন জেফার। গানটির কথা লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী। সুর ও সংগীতায়োজন করেছেন খৈয়াম শানু সন্ধি।

গানের কথা শুনলেই বোঝা যায়, এটি শুধু একটি গান নয়, বরং একটি চরিত্রের আত্মপ্রকাশের সংকেত। জেফারের কণ্ঠে বাজে, ‘আশপাশে সবাই থাকে, সবাই খোঁজে মজা/আমি থাকি আমার মতো, আমায় যায় না বোঝা।’ এটাই কি জেফারের চরিত্রের প্রকৃত সংজ্ঞা? অভিনেত্রী জানান, তার চরিত্রে রয়েছে বহুস্তরীয় গভীরতা, যাকে এক কথায় ব্যাখ্যা করা কঠিন।

২০২৩ সালে মুক্তি পাওয়া মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। এবার দ্বিতীয় সিজনে যুক্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন ও অর্ণব ত্রিপুরার মতো শিল্পীরা। নতুন মৌসুমে গল্প কোন দিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষা আর কয়েক দিনের!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা