প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১১:২৬ এএম
ইন্তেখাব দিনার
ছোটপর্দার প্রভাবশালী অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও দর্শক তার অভিনয়-ঝলক দেখেছেন। এ অভিনয়শিল্পী ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করেছেন। তবে পুরোদস্তুর বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন হাতেগোনা। ঈদে ‘বরবাদ’ ছবিতে দেখা যাবে এ তাকে। সোমবার ছবিতে তার চরিত্র সম্পর্কে ধারণা দিতে একটি পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ছবির পরিচালক মেহেদী হাসান পোস্টারটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘বরবাদে ইন্তেখাব দিনার অভিনয় করছেন শিহাব চরিত্রে।’ বরবাদ ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে দিনার বলেন, ‘আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। গল্প ও চরিত্র দারুণ লেগেছে। দেশের পাশাপাশি বাইরে শুটিং, তাই আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করেছে। ভারতে এর আগে কাজ করা হয়নি, এ অভিজ্ঞতা নিতে চেয়েছি। শাকিব খানের সঙ্গে প্রথমবার কাজ করলাম, এটাও একটা দারুণ অভিজ্ঞতা।’
দিনার জানান, এর আগে শাকিব খানের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে তবে একসঙ্গে কাজ এবারই প্রথম। পর্দায় শাকিব খানের সঙ্গে তার একাধিকবার দেখা হবে। সেই অভিজ্ঞতা জানিয়ে দিনার বলেন, ‘এবারই প্রথম শাকিব খানের সঙ্গে পর্দা ভাগাভাগি হয়েছে। তাকে আমার কাছে পুরোদস্তুর পেশাদার অভিনয়শিল্পী, খুবই আন্তরিক, অমায়িক ভদ্রলোক মনে হয়েছে। আমি তার সঙ্গে কাজ করে মুগ্ধ। শাকিব খানের কাছ থেকে আমার প্রত্যাশার বাইরে অনেক কিছু পেয়েছি।’ বরবাদের প্রধান চরিত্রে শাকিব খান ও ইধিকা পাল অভিনয় করেছেন। এরই মধ্যে ছবিটির টিজার, গান, মোশন পোস্টার প্রকাশিত হয়েছে।