× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্টিফিকেশন বোর্ডে দাগি ও জংলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১১:১৯ এএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

মুক্তির তোড়জোড়ে নেমেছে আসন্ন ঈদের সিনেমাগুলো। এর মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে এম রাহিমের ‘জংলি’ ও শিহাব শাহীনের ‘দাগি’। দুটি ছবিই দেখেছেন বোর্ড সদস্যরা। ভূয়সী প্রশংসাও করেছেন। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক এক গণমাধ্যমকে বলেন, ‘দুটি সিনেমা জমা পড়েছিলÑ দাগি ও জংলি। দুটোই আমাদের বোর্ডের সদস্যরা দেখেছেন। এর মধ্যে একটি ছবি ইতোমধ্যে প্রক্রিয়াকরণের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরেকটি দুয়েক দিনের মধ্যে দেওয়া হবে। শিগগিরই ছবি দুটিকে ছাড়পত্র দেওয়া হবে।’ বোর্ড সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘আমরা জংলি দেখেছি গত সপ্তাহেই। গতকাল [সোমবার] দেখলাম দাগি। দুটি ছবিই দারুণ। আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু ছবি দেখতে পাবে। আমরা আশা করছি, এ সপ্তাহেই ছবি দুটিকে ছাড়পত্র দিতে পারব।’

এদিকে মুক্তির মিছিলে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার দিকে এগিয়ে আছে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’। মঙ্গলবার কামরুজ্জামান রোমানের ‘জ্বিন ৩’ ছবিটি বোর্ডে জমা পড়ার কথা রয়েছে। তবে ‘বরবাদ’ নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসেননি মেহেদী হাসান হৃদয়। দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে হাজির হলেন আফরান নিশো। সদ্যই উন্মুক্ত হয়েছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা দাগির টিজার। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারে নিশো ছাড়াও দেখা গেছে তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও।

আফরান নিশো জানান, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এ সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। দাগি এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকের মধ্যে প্রশ্ন তুলবে।’

মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প দাগিতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, গাজী রাকায়েত, মিলি বাশার, প্রীতি আলভি প্রমুখ। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সম্প্রতি মুক্তি পেয়েছে জংলির টিজার। টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন ভক্তরা। দাড়ি, চুল, চোখে সানগ্লাস পরা এক যুবক হেঁটে যাচ্ছে। ভয়েস ওভারে শোনা যায়, ‘বারুদ, আগুন আর হাওয়া, এক হইলেই ধোঁয়া।’ হাঁটতে হাঁটতে যুবক হাজির হয় বিয়েবাড়ির প্যান্ডেলের কাছে। এর পরই বিস্ফোরণ। ধীরে ধীরে বোঝা যায় যুবকটি সিয়াম আহমেদ। বাংলা সিনেমায় সিয়ামকে বেশিরভাগ সময়ই দেখা গেছে রোমান্টিক চরিত্রে। বরবাদ, দাগির পর জংলির ধামাকা টিজার এবারের ঈদ 

আনন্দ বাড়িয়ে দিয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে একটি শিশু চরিত্রকে। ভক্তরা তার সঙ্গে সিয়ামের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা করলেও টিজারে সেটা খোলাসা করা হয়নি। অনেকেই ভেবেছিলেন ‘পুষ্পা’ অথবা ‘কবির সিং’-এর মতো সিনেমা থেকে অনুপ্রাণিত সিনেমাটি। কিন্তু টিজারে দেখানো গল্পের সঙ্গে ওই দুই সিনেমার কোনো মিল নেই। তবে সিনেমাটির সঙ্গে বহুলচর্চিত ভারতীয় দুই সিনেমার তুলনা যারা করেছেন, টিজারে তাদের ব্যঙ্গ করা হয়েছে।

একপর্যায়ে সিয়ামকে বলতে শোনা যায়, ‘পুষ্পা? কবির সিং? উহুঁ, জংলি।’ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শবনম বুবলী ও দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এতদিন নির্মাতা বুবলীকে একরকম লুকিয়ে রেখেছিলেন। টিজারে প্রথমবারের মতো দেখা গেছে বুবলীর ঝলক। তবে তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না। সিয়ামের লুক, অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও আবহ সংগীতের প্রশংসা করেছেন ভক্তরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা