বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ২০:০৭ পিএম
আবারও ঝামেলায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার বিরুদ্ধে আবার মামলা করেছেন স্বামী রোশন সিং। আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন শ্রাবন্তী, অভিযোগ রোশনের।
তাই শ্রাবন্তীর নামে মামলা করলেন তিনি। এ ঘটনায় তাদের চলমান ঝামেলায় নতুন মোড় এসেছে।
১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আলিপুর কোর্টে। শ্রাবন্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে অভিনেত্রীর, জানালেন রোশনের আইনজীবী।
আনন্দবাজার জানাচ্ছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে পুনরায় মামলা করেন রোশন সিং। সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পার্জারি’-র মামলা করেছেন তিনি।
কোনো ব্যক্তি যদি মামলা চলাকালীন মিথ্যা বয়ান দেন, তাঁর বিরুদ্ধে ভারতে এই মামলা করা যায়। প্রশ্ন হল হঠাৎ অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগই বা কেন তুললেন রোশন? প্রথমে বিবাহবিচ্ছেদ মামলা করেন অভিনেত্রী। মাসিক সাত লাখ রুপি খোরপোষের দাবি জানান শ্রাবন্তী। বিবাহবিচ্ছেদের মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন অভিনেত্রী। আর তাতেই নাকি ধরা পরছে অসঙ্গতি।
আনন্দবাজারের সূত্রের খবর, অভিনেত্রী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দেন, তাঁর সঙ্গে এই মামলায় দেওয়া তথ্যের অসঙ্গতি রয়েছে। এমনই অভিযোগ রোশনের।
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রাবন্তী। তিনি জানান, 'এই বিষয়ে আইনজীবীর সঙ্গে কথা না বলে কিছুই জানাতে চাই না।’
রোশন সিংকে ২০২০ সালে বিয়ে করেন শ্রাবন্তী। এটি ছিল তার তৃতীয় বিয়ে। বছর ঘুরতে না ঘুরতেই তাদের বিচ্ছেদ। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু’বছর ধরে চলছে এই মামলা। এবার ফের অভিনেত্রীর উপর পাল্টা মামলা করলেন রোশন।