আইফা অ্যাওয়ার্ড
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৬:০২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৬:১৪ পিএম
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৫তম আসরে সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১০টি পুরস্কার জিতল ‘লাপাতা লেডিস’।
বলিউড সুপারস্টার আমির খান প্রযোজিত নারীকেন্দ্রিক এ ছবির সুবাদে সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও। এতে দুই নববধূর চরিত্রে অভিনয়ের জন্য নিতাংশি গোয়েল সেরা অভিনেত্রী ও প্রতিভা রান্তা সেরা নবাগতা হয়েছেন। এ ছাড়া রসিক পুলিশ কর্মকর্তার চরিত্রে দারুণ অভিনয়ের জন্য ভোজপুরি তারকা রবি কিষাণের হাতে উঠেছে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। একই ট্রেনে থাকা দুই নববধূর স্বামী বদলে যাওয়ার ঘটনা কেন্দ্র করে লাপাতা লেডিসের গল্প। বাঙালি লেখক বিপ্লব গোস্বামী এ হৃদয়ছোঁয়া গল্প লেখার স্বীকৃতি হিসেবে সেরা মৌলিক গল্পকার বিভাগে আইফা পুরস্কার পেয়েছেন। তার পাশাপাশি সেরা চিত্রনাট্যকার হয়েছেন স্নেহা দেশাই। ছবিটিতে ‘সাজনি’ গানটি লেখার সুবাদে সেরা গীতিকার হয়েছেন প্রশান্ত পাণ্ডে। সেরা সংগীত পরিচালক হয়েছেন রাম সাম্পাত।
সেরা সম্পাদনা (জেবিন মার্চেন্ট) পুরস্কারও গেছে এ ছবির ঘরে। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ‘ভুল ভুলাইয়া থ্রি’তে রুহ বাবা চরিত্রে দর্শকের মন জয় করে সেরা অভিনেতা হয়েছেন। তিনিই এবারের আসর সঞ্চালনা করেন। তার সঙ্গে মঞ্চে সহসঞ্চালক ছিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর। ভুল ভুলাইয়া থ্রিতে বাংলা শিরোনামের গান ‘আমি যে তোমার ৩.০’ গাওয়ার সুবাদে সেরা গায়িকা হয়েছেন শ্রেয়া ঘোষাল। ‘আর্টিক্যাল ৩৭০’ ছবির ‘দুয়া’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন জুবিন নটিয়াল। আর্টিক্যাল ৩৭০ ছবির জন্য সেরা সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কৃত হয়েছেন আদিত্য ধর, অর্জুন ধাওয়ান, মোনাল ঠাকার ও পরিচালক আদিত্য সুহাস জাম্ভালে। অনুষ্ঠানের একটি অংশে মঞ্চে হাজির হন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার অভিনীত ‘মেরি ক্রিসমাস’ ছবির জন্য সেরা রূপান্তরিত গল্পকার বিভাগের পুরস্কার পেয়েছেন শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুরতি, অনুকৃতি পাণ্ডে। ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল অভিনীত ‘ব্যাড নিউজ’ ছবির ‘তওবা তওবা’ গানের সুবাদে সেরা নৃত্য পরিচালক হয়েছেন বোসকো-কিজার জুটি।
বলিউডের দুই তারকা অজয় দেবগন ও মাধবনের সঙ্গে ‘শয়তান’ চলচ্চিত্রের সুবাদে জানকি বোড়িওয়ালা পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান। ‘ম্যাডগাঁও এক্সপ্রেস’ ছবির জন্য সেরা নতুন পরিচালক হয়েছেন অভিনেতা কুনাল খেমু। ২৫তম আইফায় বেশিরভাগ পুরস্কার পেয়েছেন নবীনরা। দ্বিতীয় সর্বাধিক পাঁচটি স্বীকৃতি বাগিয়ে নিয়েছে ‘কিল’। এর মধ্যে লক্ষ্য লালওয়ানি সেরা নবাগত ও রাঘব জুয়েল সেরা খল অভিনেতা হয়েছেন। বাকি তিনটি কারিগরি বিভাগের স্বীকৃতি। এগুলো হলো সেরা চিত্রগ্রহণ (রাফে মাহমুদ), সেরা শব্দসজ্জা (সুভাষ সাহু) ও সেরা শব্দ মিশ্রণ (সুভাষ সাহু, বলয় কুমার দলোই, রাহুল কার্পে)।
ভারতের রাজস্থানে জয়পুর এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে রবিবার (৯ মার্চ) জমকালো অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। অভিনেত্রী মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, কৃতি স্যানন ও অভিনেতা শহিদ কাপুর নেচেছেন। এ ছাড়া মঞ্চে হাজির হন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার প্রতিষ্ঠান রেড চিলিস ভিএফএক্স ‘ভুল ভুলাইয়া থ্রি’র জন্য সেরা ভিজ্যুয়াল এফেক্টস পুরস্কার জিতেছে। শনিবার রাতে ভারতের জয়পুরে বসেছিল আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসের আসর। এখানে স্ট্রিমিং হওয়া কনটেন্টগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে। খবর এনডিটিভির

গত বছর নেটফ্লিক্সে মুক্তি পায় ইমতিয়াজ আলির সিনেমা ‘চামকিলা’। ব্যাপক প্রশংসিত সিনেমাটি আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে পেয়েছে সেরা সিনেমার পুরস্কার, ইমতিয়াজ আলি হয়েছেন সেরা নির্মাতা। ‘সেক্টর ৩৬’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন বিক্রান্ত ম্যাসি এবং ‘দো পাত্তি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কৃতি স্যানন।
একনজরে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে পুরস্কারজয়ীরা
সিনেমা
সেরা সিনেমা : ‘অমর সিং চামকিলা’
প্রধান চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী : কৃতি স্যানন, ‘দো পাত্তি’
প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী : বিক্রান্ত ম্যাসি, ‘সেক্টর ৩৬’
সেরা পরিচালক : ইমতিয়াজ আলি, ‘অমর সিং চামকিলা’
পার্শ্বচরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী : অনুপ্রিয়া গোয়েনকা, ‘বার্লিন’
পার্শ্বচরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী : দীপক ডোব্রিয়াল, ‘সেক্টর ৩৬’
সেরা মৌলিক গল্প : কণিকা ঢিলো, ‘দো পাত্তি’
সিরিজ
সেরা সিরিজ : ‘পঞ্চায়েত ৩’
প্রধান চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী : শ্রেয়া চৌধুরী, ‘বন্দিশ বান্ডিটস’
প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী : জিতেন্দ্র কুমার, ‘পঞ্চায়েত ৩’
সেরা পরিচালক : দীপক কুমার মিশ্র, ‘পঞ্চায়েত ৩’
পার্শ্বচরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী : সানজিদা শেখ, ‘হীরামন্ডি : দ্য ডায়মন্ড বাজার’
পার্শ্বচরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী : ফয়সাল মালিক, ‘পঞ্চায়েত ৩’
সেরা মৌলিক গল্প : ‘কোটা ফ্যাক্টরি ৩’