প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১১:৪৬ এএম
আমির খান
বলিউডের পারফেকশনিস্ট আমির খান চলতি মাসের ১৪ তারিখে ৬০ বছরে পা দেবেন। এ উপলক্ষে আয়োজন করা হবে একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের। এর আগে ২০২২ সালে অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে তার সিনেমা নিয়ে এমন উৎসবের আয়োজন করা হয়েছিল। এ ছাড়া গত বছরের ডিসেম্বরে রাজ কাপুরের জন্মশতবার্ষিকীতে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল।
এবার চলচ্চিত্র উৎসবের মধ্যমণি আমির খান। পিভিআর আইএনওএক্স গত শুক্রবার অভিনেতার ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে ‘আমির খান : সিনেমা কা জাদুগার’ নামে একটি চলচ্চিত্র উৎসবের ঘোষণা দিয়েছে। উৎসবের অংশ হিসেবে দেশের বিভিন্ন শহরে আমির খান অভিনীত সিনেমা প্রদর্শিত হবে। এই উৎসবে তার আইকনিক সিনেমাগুলো প্রদর্শিত হবে। জানা গেছে, আমির তার এবারের জন্মদিনে একটি জাঁকজমকপূর্ণ, তারকাখচিত পার্টির আয়োজন করবেন।
আরও জানা যায়, উদযাপনে অতিথিদের তালিকায় সালমান খান, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কারিনা কাপুর খান, হৃত্বিক রোশন, রানী মুখার্জি, সাইফ আলী খান এবং শাবানা আজমির মতো অভিনেতারা রয়েছেন। উল্লেখ্য আমির খানকে শেষবার দেখা গিয়েছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। তাকে পরে দেখা যাবে ‘সিতারে জামিন পার’ সিনেমায়। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল। সূত্র : এনডিটিভি