প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৬:২৪ পিএম
ইয়ামি গৌতম ভারতের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী, যিনি একের পর এক দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। তার অভিনয়ে সব সময়ই দেখা যায় চরিত্রের প্রতি একনিষ্ঠতা ও গভীর আবেগ। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘ধুমধাম’ দর্শকের মধ্যে বেশ আলোড়ন তুলেছে। এতে ইয়ামির চরিত্রটি বিশেষভাবে নজর কেড়েছে, যা তার অভিনয়দক্ষতার আরও এক নতুন দিক তুলে ধরেছে।
মাতৃত্বকালীন বিরতির পর কাজে ফিরতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ইয়ামি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই নির্মাতাদের প্রতি, যারা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, ‘আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে আমি সত্যিই আনন্দিত।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মাতৃত্বের সময়েও নির্মাতারা আমার খোঁজ রেখেছেন, যা আমার জন্য ছিল এক অভাবনীয় অভিজ্ঞতা। আমি তাদের বলেছিলাম চাইলে তারা অন্য কারও সঙ্গে কাজ করতে পারেন, কিন্তু তারা জানিয়েছিলেন আমার জন্য অপেক্ষা করতেই আগ্রহী। তাদের এ আন্তরিকতা এবং পেশাদারি আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’
এমন সহানুভূতিশীল ও সৃজনশীল মানুষের সঙ্গে কাজ করতে পারা নিজের জন্য সৌভাগ্যের বলে মনে করেন ইয়ামি। তিনি বলেন, ‘তারা আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, তার মূল্য দিতে চাই কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাদের আস্থার প্রতিদান দেওয়াটাই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য।’
তার এ প্রত্যাবর্তন শুধু তার ক্যারিয়ারের জন্যই নয়, বরং ইন্ডাস্ট্রিতে নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিরও উদাহরণ হয়ে থাকবে।