প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১০:৪৯ এএম
তামান্না ভাটিয়া
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউড অভিনেতা বিজয় ভার্মার প্রেমের গল্প যেন বাস্তব জীবনে অপ্রত্যাশিত মোড় নিল। যেখানে সবাই অপেক্ষায় ছিলেন তাদের শুভ পরিণয়ের, সেখানে আচমকাই এলো বিচ্ছেদের খবর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগেই তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে ছাদের নিচে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিলেন, সে সম্পর্ক এখন অতীত। শোনা গিয়েছিল, মুম্বাইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার চিন্তাভাবনাও করছিলেন তারা, যেখানে বিয়ের পর নতুন জীবন শুরু করতেন। কিন্তু ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, সে পরিকল্পনা আর বাস্তবায়িত হচ্ছে না।
অবাক করার বিষয়, প্রেম নিয়ে কখনও লুকোচুরি করেননি তামান্না ও বিজয়। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হতেন, ক্যামেরার সামনে দাঁড়াতেন খোলা মনে। তাদের রসায়ন ছিল অনুরাগীদের কাছে মুগ্ধতার বিষয়। অনস্ক্রিনে ‘লাস্ট স্টোরি-২’ ছবিতে তাদের সম্পর্কের গভীরতা যেমন ফুটে উঠেছিল, বাস্তব জীবনেও তেমনই রঙিন ছিল তাদের প্রেমকাহিনী।
তবে হঠাৎ কী এমন ঘটল, যার ফলে তারা আলাদা হয়ে গেলেন? এ বিষয়ে কেউই মুখ খুলছেন না। বিজয়কে সম্প্রতি দেখা গেছে ‘মার্ডার মোবারক’ ছবিতে, অন্যদিকে তামান্নার শেষ সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘স্ত্রী-২’ ও ‘বেদা’।