× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান ও অভিনয়ে পারশা মাহজাবীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১২:১০ পিএম

পারশা মাহজাবীন। ছবি : সংগৃহীত

পারশা মাহজাবীন। ছবি : সংগৃহীত

আন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামে গান বাঁধেন পারশা মাহজাবীন; যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সে গানই তাকে এনে দেয় পরিচিতি, আর এবার তিনি পৌঁছে গেলেন প্যারিসে, ইউনেসকো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদ্‌যাপনের মঞ্চে।

এ বছর ছিল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ২৫ বছর পূর্তি, আর এ বিশেষ আয়োজনে বাংলাদেশি শিল্পীদের একটি দল আমন্ত্রণ পেয়েছিল। পারশাও সে দলে ছিলেন। ইউনেসকো সদর দপ্তরের মতো বিশাল মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। শেষ মুহূর্তে জানতে পারি আমি পারফরমারদের তালিকায় আছি। সেখানে টুনটুন বাউলের সঙ্গে গাইতে পেরেছি, যা আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার।’

শুধু সংগীতেই নয়, পারশা এখন অভিনয়েও নিজের অবস্থান তৈরির পথে। গত বছর প্রবীর রায়চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে যাত্রা করেন তিনি। এরপর চলতি ফেব্রুয়ারিতে চরকিতে মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’, যেখানে উষা চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।

এ চরিত্রের অভিজ্ঞতা নিয়ে পারশা বলেন, ‘উষা আমার থেকে সম্পূর্ণ আলাদা একজন। তার সাজসজ্জা, চোখে গাঢ় কাজল, বেণি করা চুল সবকিছুই আমার চেনা দুনিয়ার বাইরে। প্রথমে মানিয়ে নিতে কষ্ট হলেও পরে মনে হচ্ছিল আমি সত্যিই উষা হয়ে গেছি। এমনকি সেটের সবাই আমাকে এ নামেই ডাকত! অভিনয়ে একদম নতুন হওয়ায় অনেক কিছু শিখেছি, বিশেষ করে শুটিং সেটে টেকনিক্যাল দিকগুলো বুঝতে পারা আমার জন্য বড় শিক্ষা।’

গানই তার প্রথম ভালোবাসা, তবে অভিনয়ের প্রতিও ধীরে ধীরে টান অনুভব করছেন পারশা। ‘তিন বছর বয়স থেকে গান করছি, তাই সংগীত আমার রক্তে মিশে আছে। অভিনয় নতুন হলেও ধীরে ধীরে ভালোবাসতে শিখছি। তবে গান কিংবা অভিনয় যা-ই করি না কেন, বুঝেশুনে এগোতে চাই। মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, সেটাকে সম্মান জানিয়ে পথ চলতে চাই।’

সংগীত ও অভিনয়ের পাশাপাশি পারশা এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বিজনেসে বিবিএ করছেন। পড়াশোনার সঙ্গে মিডিয়ার কাজ সামলানো সহজ নয়, তবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তিনি। ‘ছোটবেলা থেকে ভালো রেজাল্টের অভ্যাস আছে, তাই পড়াশোনায় খারাপ করলে নিজেরই খারাপ লাগে। মিডিয়া ক্যারিয়ারের সঙ্গে পড়াশোনা ব্যালান্স করতে অল্প অল্প করে এগোচ্ছি। চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটাই তো মজার ব্যাপার!’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা