প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ০৯:৫০ এএম
রূপন্তী আকিদ
সিডনিতে প্রথম দিনেই আলোচনায় হিন্দি ভিন্দি; এ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন রূপন্তী আকিদ। অস্ট্রেলিয়া-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত আলি সায়েদ পরিচালিত এ ছবিতে রিয়ানা চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এ অভিনেত্রী। ২৭ ফেব্রুয়ারি ছবিটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে।
রূপন্তীর এ সাফল্যে সিডনির বাংলাদেশিরা গর্বিত। সিডনির স্থানীয় থিয়েটার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে রূপন্তী আকিদের অভিনয়ে যাত্রা। ২০১৩ সালে সাগর জাহানের ‘আংটি’ দিয়ে নাটকে রূপন্তীর যাত্রা। পরের দুই বছরে করেছেন মাহফুজ আহমেদের ‘কেবলই রাত হয়ে যায়’, ‘হ্যালো বাংলাদেশ’ নামে দুটি নাটক। গত বছর শিহাব শাহীন পরিচালিত চরকির অরিজিনাল সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রূপন্তী। হিন্দি ভিন্দি ছাড়াও বাংলাদেশের সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’-এর শুটিং শেষ করেছেন। ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। ‘এ চলচ্চিত্রে কাজ করা আমার জন্য একটি স্বপ্নপূরণের মতো। সিডনির থিয়েটার ও কমিউনিটি আমাকে এ পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। সবার প্রতি আমি কৃতজ্ঞ,’ হিন্দি ভিন্দি নিয়ে এভাবেই প্রতিক্রিয়া জানালেন রূপন্তী। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ‘বাংলাদেশ, বলিউড কিংবা হলিউড বলে কথা নয়, ভালো চরিত্র হলে যেকোনো চলচ্চিত্রে কাজ করতে আগ্রহী।’ অস্ট্রেলিয়ার সংগীত তারকা গাই সেবাস্টিয়ানও অভিনয় করেছেন এ চলচ্চিত্রে। এটাই তার অভিষেক চলচ্চিত্র।