প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০০ এএম
সাদিয়া জাহান প্রভা
প্রভার মতে প্রেম দোষের কিছু নয়। তার ভাষায়, ‘চলার পথে কাউকে ভালো লাগতেই পারে। মনে হতে পারে, এ মানুষটির সঙ্গে পথ চলা যায়। কিন্তু সম্পর্ক সব সময় টিকে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। সম্পর্ক ভেঙে যেতেই পারে, এটা অন্যায় নয়। দোষ তখনই হয়, যখন কেউ প্রতিশ্রুতিবদ্ধ থাকার পরও অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ায়।’
যখন তাকে প্রশ্ন করা হলো, ‘আপনার জীবনে কোন প্রেমটা ভুল ছিল?’ উত্তরে প্রভা বললেন একেবারে ভিন্নধর্মী কিছু। ‘প্রাক্তন শব্দটা আমার কাছে অনেক প্রিয়। কারণ, সম্পর্কটা খারাপভাবে শেষ হলেও তাতে ভালো মুহূর্তও ছিল। একজন মানুষ যদি সত্যিই প্রাক্তন হয়, তাহলে তার প্রতি বিদ্বেষ থাকার কথা নয়। তবে একজন ব্যক্তি আমার জীবনে ছিল, যাকে আমি প্রাক্তন মনে করি না, আমি তাকে শত্রু মনে করি! কারণ, প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না।’
প্রভা আরও বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে আমি কখনও প্রাক্তন মনে করিনি। এরপর যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, তাদের সঙ্গে সুন্দর মুহূর্ত কেটেছে। তাই গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’
প্রভার মতে তার প্রাক্তনরা সবাই ভালোমানুষ এবং তিনি চান তারা ভালো থাকুক। তিনি বলেন, ‘আমি তাদের জন্য কোনো বিশেষ বার্তা দিতে চাই না। প্রত্যেকেই নিজের জীবনে সুন্দরভাবে বেঁচে থাকুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সবাই যেন নিজের কাজে সৎ থাকে।’
প্রভা তার ব্যক্তিজীবন নিয়ে সব সময়ই সাহসী মন্তব্য করে থাকেন। তার মতে সম্পর্ক, বিচ্ছেদ কিংবা অতীতের কোনো কিছুই তাকে নির্ধারণ করে না। তিনি তার কাজ, নিজের স্বপ্ন ও ভবিষ্যতের দিকেই মনোযোগী থাকতে চান। অভিনয় হোক বা মেকআপ শিল্পী হিসেবে কাজ করাÑ প্রভা এগিয়ে চলেছেন নিজের মতো করে, নিজের শর্তে!