× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অঞ্জনের শেষ ছবি ‘চাঁদের অমাবস্যা’ আসছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৪ পিএম

‘চাঁদের অমাবস্যা’ সিনেমার পোস্টার ও নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। ছবি : সংগৃহীত

‘চাঁদের অমাবস্যা’ সিনেমার পোস্টার ও নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। ছবি : সংগৃহীত

সদ্যপ্রয়াত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের নির্মিত শেষ ছবি ‘চাঁদের অমাবস্যা’। বরেণ্য কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মাণ করা সিনেমাটি চলতি বছরে মুক্তি পাবে। এরই মধ্যে অবমুক্ত হয়েছে ছবির পোস্টার। শীঘ্রই ছবিটি মুক্তি দিতে উৎসুক ছিলেন অঞ্জন, সে রকমই জানিয়েছেন তার কাছের মানুষেরা।

‘চাঁদের অমাবস্যা’ মুক্তির দায়িত্ব নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সিনেমাটি শুরুতে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহে দেখানোর পর সেটি ঘরে বসে দেখতে পাববে ওটিটির দর্শকরা। দেখা যাবে ওটিটি প্লাটফর্ম  চরকিতে। বিষয়টি নিশ্চিত করেছে চরকি কর্তৃপক্ষ। চরকি জানিয়েছে, চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে সেটা মোটামুটি নিশ্চিত, তবে দিন-তারিখ নির্ধারণ করা হয়নি।

২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মাণ করা হয় ‘চাঁদের অমাবস্যা’। গত বছর ছবির কাজ শেষ করেন অঞ্জন। ওই বছরই ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি এবং নিজের অসুস্থতার কারণে ছবি মুক্তি দিতে পারেননি তিনি।

‘চাঁদের অমাবস্যা’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, তনয় বিশ্বাস, ইরেশ যাকের, দ্বীপান্বিতা মার্টিন, শাহানা সুমি প্রমুখ। ভারতের প্রখ্যাত চিত্রগ্রাহক ‘মাটির ময়না’ ও ‘মেঘমল্লার’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক সুধীর পালসানে সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন। সম্পাদনা করেছেন সামীর আহমেদ। সিনেমাটিতে শব্দ সংযোজন ও রঙ বিন্যাস করা হবে ভারতের কলকাতা ও মুম্বাইতে।

২০১৪ সালে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প ‘রেইনকোট’ অবলম্বনে জাহিদুর রহিম অঞ্জন নির্মাণ করেন ‘মেঘমল্লার’। প্রথম ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এর আগে আন্তন চেকভের গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর্নিং’ নির্মাণ করেন অঞ্জন। এটি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য।ছবিটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। ২০০৭ সালে বাঙালি চিন্তাবিদ অতীশ দীপঙ্করের জীবনী নিয়ে তিনি নির্মাণ করেন ‘শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর।’

জাহিদুর রহিম অঞ্জন ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি নিয়েছেন। সর্বশেষ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়াতেন তিনি। অঞ্জন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি এই ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গতকাল ২৪ ফেব্রুয়ারি জাহিদুর রহিম অঞ্জন চিকিৎসাধীন অবস্থায় ভারতে মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা