প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
পারিবারিক বন্ধন ও প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটক ‘আপনজন’ আসছে ইউটিউবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ‘মাই সাউন্ড’ নামের ইউটিউব চ্যানেলে ১ ঘণ্টার এ নাটকটি প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন রানা ইব্রাহিম।
এতে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা নিপুণ আহমেদ, রাবিনা রাফিন, জ্যোতি ইসলাম ও অন্যান্যরা। এছাড়া মিলি বাশারকে মায়ের চরিত্রে দেখা যাবে।
এ বিষয়ে রানা ইব্রাহিম বলেন, ‘যে সব দর্শক বলেন যে নাটক থেকে গল্প হারিয়ে যাচ্ছে, আমি তাদের বলব আপনারা ‘আপনজন’ নাটকটা দেখে নিরাশ হবেন না।’ ‘আপনজন’ বানাতে গিয়ে অভিনয় শিল্পী এবং টিমের অন্যান্যদের দারুণ সহযোগিতা পেয়েছেন বলেও জানিয়েছেন এই পরিচালক।
নাটকে নীরব নামের চরিতত্রে অভিনয় করেছেন নিপুণ। যিনি দুর্ঘটনায় হারিয়েছেন তার দুইটি পা। নাটকের গল্প এবং চরিত্রের সঙ্গে দর্শকরা নিজেদের সংযোগ তৈরি করতে পারবেন বলে মনে করেন নিপুণ।
নাটকটি নিয়ে তিনি বলেন, ‘আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এমন একটা গল্পে কাজ করার যেখানে শুধুমাত্র নাটকের প্রধান পাত্র-পাত্রী নয়, গল্পের প্রতিটি চরিত্র যেন গুরুত্বপূর্ণ হয়। এই গল্পে একটি পরিবারের প্রতিটি চরিত্রের নিজস্ব জার্নি আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার চরিত্র ফুটিয়ে তোলার জন্য। আশা করি নাটকটা দেখে দর্শক হতাশ হবেন না।’
অভিনেত্রী রাফিন বলেন, ‘আশা করি নাটকটি দর্শকদের পছন্দ হবে। আমাকে এত সুন্দর একটা গল্পের অংশীদার করার জন্য ধন্যবাদ পরিচালককে। ‘আপনজন’ দেখার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’
নাটকটিতে অভিনয় করা জ্যোতি ইসলাম বলেন, ‘নিপুণ আহমেদের সাথে এটা আমার প্রথম কাজ, আশা করি দর্শকের কাছে আমাদের রসায়ন ভালো লাগবে। দর্শকের উৎসাহে আমরা ভালো ভালো নাটক করতে চাই।’
নাটকের গল্পের প্রশংসা করেছেন মিলি বাশারও। তিনি বলেন, ‘এখনকার বেশিরভাগ কাজ নায়ক-নায়িকা নির্ভর। সেদিক থেকে ‘আপনজন’ ব্যতিক্রমী নাটক। গল্পের প্রতিটি চরিত্র নিজ নিজ জায়গায় অনবদ্য। আমার চরিত্র নিয়ে বলতে গেলে বলব এটা একটা চ্যালেঞ্জিং চরিত্র, অনেকগুলো স্তর খুঁজে পাওয়া যায়। কখনো সে মমতাময়ী মা, আবার প্রয়োজনে তাকে কঠোর হতেও দেখা যাবে।’
ঢাকার উত্তরাসহ বিভিন্ন জায়গায় গেল মাসে শুটিং হয়েছে নাটকটির। এর পর সম্পাদনার কাজ শেষে এখন প্রচারের অপেক্ষায় আছে ‘আপনজন’ নাটকটি।