প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ পিএম
ছবি : সংগৃহীত
৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নরওয়েজিয়ান চলচ্চিত্র ‘ড্রিমস (সেক্স লাভ)’ স্বর্ণ ভালুক জিতে নিয়েছে। প্রেম, আকাঙ্ক্ষা ও আত্ম-আবিষ্কার নিয়ে নির্মিত এ ছবি মার্কিন পরিচালক টড হেইনসের নেতৃত্বে জুরিবোর্ড পরিচালক ড্যাগ জোহান হাউগেরুডের সিনেমাটিকে পুরস্কারের জন্য বেছে নেন।
গত শনিবার উৎসবের সমাপনী দিনে বিভিন্ন বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়। দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘রৌপ্য ভালুক’ পেয়েছে ব্রাজিলিয়ান পরিচালক গ্যাব্রিয়েল মাস্কারোর ‘দ্য ব্লু ট্রেইল’। আর্জেন্টাইন পরিচালক ইভান ফান্ডের ‘দ্য মেসেজ’ জিতেছে জুরি পুরস্কার।
নব্বইয়ের দশকের দ্রুত পরিবর্তনশীল চীনের প্রেক্ষাপটে নির্মিত ‘লিভিং দ্য ল্যান্ড’ ছবির জন্য হুও মেং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। মেরি ব্রনস্টাইন পরিচালিত ‘ইফ আই হ্যাভ লেগস, আই’ড কিক ইউ’ ছবিতে একজন অভিভূত মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য রোজ বাইর্ন সেরা প্রধান চরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন। রিচার্ড লিংকলেটারের ‘ব্লু মুন’ ছবিতে সুরকার রিচার্ড রজার্সের ভূমিকায় অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন অ্যান্ড্রু স্কট।
এ ছাড়া উৎসবে সম্মানসূচক ‘স্বর্ণ ভালুক’ পেয়েছেন ব্রিটিশ তারকা টিলডা সুইনটন। ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের উৎসব। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিল ১৯টি চলচ্চিত্র।