প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৯ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৬ পিএম
এফডিসির গেটের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করে 'বৈষম্যহীন স্বার্থ সংরক্ষণ কমিটি'। ছবি : সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানিকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ বাতিলের দাবিতে কদিন ধরেই উত্তাল এফডিসি প্রাঙ্গণ।
গতকাল রবিবার বেলা ১১টায় এফডিসির গেটের সামনে অবস্থান প্রতিবাদ শুরু করছে ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।’ এতে প্রযোজক, পরিচালক, শিল্পী-কুশলীরা অংশ নিচ্ছেন। চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ‘স্বৈরাচারের দোসরকে এফডিসির এমডি হিসেবে বসানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য না। তাকে না সরানো পর্যন্ত সিনেমা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে।’ নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘মাসুমা রহমান তানি ফ্যাসিস্ট ও আওয়ামী দোসর। এই সময়ে তাকে এমডি করা হয়েছে শুনে আমরা বিস্মিত হয়েছি। এফডিসির ক্ষতি হতে আজ প্রতিষ্ঠানটি মাটির সঙ্গে মিশে গেছে। এতে প্রাণসঞ্চার করতে হলে একজন যোগ্য লোককে এর প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে। তাই আমরা সবাই এক হয়েছি, এক দাবিতে।’
নির্মাতা বদিউল আলম খোকন আরও বলেন, ‘২০১৪ সালের পর থেকে সেভাবে আর সিনেমা নির্মাণ হচ্ছে না। বর্তমানে এফডিসিতে কী কী সমস্যা রয়েছে, তিনি তা কীভাবে জানবেন? একজন প্রোডাকশন বয়কে যদি এফডিসির এমডি বানানো হয়, তাহলে সে কীভাবে এটি পরিচালনা করবেন। মোটকথা, যাকে এফডিসির এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি মোটেই যোগ্য নন। মাসুমা রহমান তো সেই অর্থে চলচ্চিত্রের কেউ না। তিনি একটি মাত্র সিনেমা বানিয়েছেন, সিনেমার নাম “চল যাই”। এই সিনেমা বানানোর টাকা দিয়েছিলেন মিরপুরের যুবলীগ নেতা নিখিল রায়। তিনি সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন। এই তানির স্বামী হচ্ছেন নিখিলের ডান হাত।’
বদিউল আলম খোকন বলেন, ‘চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানদের মতো যোগ্য মানুষ রয়েছেন, তাদের মতো লোক দেওয়া হোক এফডিসিতে। এফডিসির মতো একটি প্রতিষ্ঠান চালাবেন, এখানে অনেক প্রডিউসার, চলচ্চিত্র নির্মাতাদের সামলাতে হবে। এ ধরনের কাজ করতে হলে তাকে যথেষ্ট যোগ্যতাসম্পন্ন হতে হবে। যোগ্যদের এখন এমডি হিসেবে নিয়োগ দিতে হবে। যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি বলতে গেলে সিনেমার কেউ না, তিনি সিনেমার কিছুই বোঝেন না। তিনি এমডি হবেন কীভাবে। এত দিন আমলারা এফডিসি পরিচালনা করেছেন। তাদের সিনেমা সম্পর্কে ভালো জানাশোনা না থাকলেও তারা প্রশাসনিক কাজকর্ম কীভাবে পরিচালনা করতে হয়, সেটা ভালো বোঝেন। এখানে অনেক স্টেকহোল্ডার রয়েছেন, তাদের সঙ্গে কীভাবে কাজ করতে হবে, তা আমলারা ভালো বোঝেন। তারা সেই প্রশিক্ষণ নিয়ে থাকেন। সেভাবেই এফডিসি পরিচালনা করেন।’
বিএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ চলচ্চিত্র পরিচালক মাসুমা রহমান তানি। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় হয়। সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হয়েছেন মাসুমা রহমান তানি।