× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৬ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮ পিএম

বাপ্পারাজ ও শাবনাজ

বাপ্পারাজ ও শাবনাজ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত সংলাপ— ‘চাচা, হেনা কোথায়?’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি ছবির এই সংলাপ নতুন করে ভাইরাল হয়েছে, তৈরি হয়েছে নানা মজার মিম ও আলোচনা। তবে অবশেষে সেই ‘হেনা’কে খুঁজে পেলেন অভিনেতা বাপ্পারাজ!

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে, অভিনেতা নাঈমের নিজ বাড়ি সাহেববাড়িতে আয়োজিত এক আড্ডায়। সেখানে উপস্থিত ছিলেন বাপ্পারাজ, শাবনাজ, ওমর সানী, সংগীত পরিচালক ইমন সাহা, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ।

অনুষ্ঠানে পুরনো বন্ধুদের পেয়ে বাপ্পারাজ আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল শাবনাজকে দেখে! বহু বছর পর পর্দার ‘হেনা’-র সঙ্গে দেখা হতেই তিনি মজা করে নাঈমকে প্রশ্ন করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’

নাঈমও কম যান না! স্মিত হাস্যে উত্তর দেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস! হেনার তো আমার সঙ্গে অনেক আগেই বিয়ে হয়ে গেছে!’ এই কথায় পুরো পরিবেশ আনন্দে ভরে ওঠে। বাপ্পারাজ যেন প্রেমের সমাধি সিনেমার সেই দৃশ্যের মতোই চিৎকার করে বলেন, ‘না, আমি বিশ্বাস করি না!’— আর তখনই নাঈম তাঁকে পিঠ চাপড়াতে থাকেন।

এই দৃশ্য দেখে উপস্থিত সবাই নস্টালজিক হয়ে পড়েন। অতিথিরা মিলে ‘প্রেমের সমাধি ছেড়ে...’ গানটি গাইতে থাকেন। এরপর চলে জমজমাট আড্ডা, পুরনো দিনের স্মৃতিচারণ। দুপুরের খাবার শেষে সবাই একসঙ্গে গল্পে মেতে ওঠেন, যা গড়িয়ে যায় বিকেল অবধি।

প্রসঙ্গত, প্রেমের সমাধি সিনেমার এই সংলাপ সম্প্রতি ভাইরাল হয়েছে। ক্লিপটিতে দেখা যায়, দীর্ঘদিন পর বাড়ি ফিরে নায়ক বকুল (বাপ্পারাজ) দেখতে পান, প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো। তখন তিনি হেনার বাবাকে প্রশ্ন করেন, ‘চাচা, হেনা কোথায়?’ কিন্তু উত্তর শুনে স্তব্ধ হয়ে যান— ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ এরপর বকুল আবেগঘন কণ্ঠে বলে ওঠেন, ‘না, হেনার বিয়ে হতে পারে না! আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না!’ এই সংলাপ নতুন প্রজন্মের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বহু দর্শক এটি নিয়ে মিম তৈরি করেছেন, শেয়ার করেছেন তাদের অনুভূতি।

সিনেমার নেপথ্য কাহিনি

প্রেমের সমাধি ছবিটি নির্মাণ করেছিলেন ইফতেখার জাহান। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমায় বাপ্পারাজ, শাবনাজ, আনোয়ার হোসেন ও অমিত হাসান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। যদিও সিনেমাটি মুক্তির সময় এতটা আলোচনায় আসেনি, তবে সময়ের ব্যবধানে এর সংলাপ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আইকনিক হয়ে উঠেছে।

বছর পেরিয়ে গেলেও কিছু সংলাপ ও চরিত্র দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। ‘চাচা, হেনা কোথায়?’ সংলাপ তারই একটি উদাহরণ। বাস্তবে শাবনাজ-নাঈম দম্পতিকে একসঙ্গে দেখে বাপ্পারাজের করা মজার মন্তব্য যেন এক মুহূর্তের জন্য সবাইকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই পুরনো সিনেমার জগতে। সিনেমার সংলাপ হারিয়ে যায় না, বরং সময়ের স্রোতে নতুন রঙে ফিরে আসে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা