প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৮ এএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যাননকে ২০২৪ সাল জুড়েই দেখা গেছে এক যুবকের সঙ্গে। বলিউডপাড়ায় গুঞ্জন- কে এ যুবক? কৃতি কি নতুন সম্পর্কে জড়িয়েছেন? শেষ পর্যন্ত বছরের শেষ প্রান্তে এসে সেই রহস্যের পর্দা উন্মোচিত হয়, যুবকের নাম কবির বাহিয়া।

পেশায় ব্যবসায়ী এবং কোটিপতি এ তরুণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নতুন বছরের শুরুতেই কৃতির সঙ্গে দিল্লিতে হাজির হয়েছেন কবির। সূত্রে জানা গেছে, প্রেমিককে নিজের বাবা-মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন কৃতি। সব ঠিক থাকলে খুব শিগগিরই তাদের চার হাত এক হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে সম্পর্কের থেকেও বেশি আলোচিত হচ্ছে তাদের বয়সের পার্থক্য। কৃতি বর্তমানে ৩৪ বছর বয়সি আর কবিরের বয়স মাত্র ২৪! প্রায় এক দশকের ব্যবধান সত্ত্বেও দুজনের প্রেম জমে উঠেছে দারুণ। কিন্তু ভালোবাসায় বয়স কখনও বাধা হয়ে দাঁড়িয়েছে কি?
অভিনেত্রীর ঘনিষ্ঠমহল বলছে, কৃতি ও কবির একে অন্যের প্রেমে পুরোপুরি মজেছেন। নতুন বছর একসঙ্গে উদ্যাপন করেছেন তারা, এমনকি বর্ষবরণের রাতেও একই ফ্রেমে বন্দি হয়েছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই।

এর আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কৃতির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়েই ঘনিষ্ঠ হন তারা। সুশান্তের আকস্মিক মৃত্যু কৃতিকে ভীষণভাবে নাড়া দিয়েছিল, যার প্রমাণ তার আবেগঘন পোস্টে পাওয়া গিয়েছিল।
কিন্তু অতীত পেছনে ফেলে এবার নতুন পথে হাঁটছেন কৃতি। বয়সের ব্যবধানের তোয়াক্কা না করেই কবির বাহিয়াকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চলেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে বাজবে তাদের বিয়ের সানাই!