× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমি বাংলায় গান গাই’ খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৯ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত

‘আমি বাংলায় গান গাই’ জনপ্রিয় গানের প্রখ্যাত সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বর্ষীয়ান এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

গায়কের পরিবার জানায়, জানুয়ারি মাসের শুরুর দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে প্রতুলকে হাসপাতালে ভর্তি করা হয়। নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে নাক-কান-গলা (ইএনটি) বিভাগে ভর্তি করা হয়। এরপর আবার জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রতুল। হঠাৎই শুরু হয় শ্বাসকষ্ট। ফুসফুসের প্রবল সংক্রমণের মধ্যেই হার্ট অ্যাটাক করেন। দ্রুত কার্ডিওলোজি বিভাগে শিল্পীকে স্থানান্তর করা হয়।  

জানা যায়, এসএসকেএম হাসপাতালে অন্ত্রের অপারেশন করা হয় প্রতুলের। অপারেশনের পরপরই বেশকিছু শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। এরপরেই তার হার্ট অ্যাটাক হয়। যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। গত দুই সপ্তাহ হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এ শিল্পী। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।

১৯৪২ সালের ২৫ জুন মাসে অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। ১৯৪৭ সালে দেশভাগের সময় সপরিবারে পাড়ি জমান ভারতে। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। 

তার অসংখ্য গানের মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ গানটি তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে শ্রোতামহলে। ২০১৬ সালে সিঙ্গুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যখন ১৪ হাজার কৃষককে তাদের জমি ফেরত দেওয়া হয়, তখন প্রতুলের কণ্ঠে শোনা গিয়েছিল ‘আমি বাংলায় গান গাই’ গানটি।

এ ছাড়া এই শিল্পীর বহু গানের মধ্যে ‘চার্লি চ্যাপলিন’, ‘ডিঙ্গা ভাসাও আলু বেচো’ শিরোনামের গান দুটো অন্যতম। 

তার আলোচিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’ (১৯৮৮), ‘যেতে হবে’ (১৯৯৪), ‘ওঠো হে (১৯৯৪), ‘কুট্টুস কাট্টুস’ (১৯৯৭), ‘স্বপ্নের ফেরিওয়ালা’ (২০০০), ‘তোমাকে দেখেছিলাম’ (২০০০), ‘স্বপনপুরে’ (২০০২), ‘অনেক নতুন বন্ধু হোক’ (২০০৪), ‘হযবরল’ (২০০৪), ‘দুই কানুর উপাখ্যান’ (২০০৫), ‘আঁধার নামে’ (২০০৭)। বাংলাদেশে বেঙ্গল ফাউন্ডেশন থেকে প্রতুল মুখোপাধ্যায়ের সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় ২০১১ সালের মার্চে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা