বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১৭:৩৫ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২২ ১৭:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
গ্র্যামি জয়ী হলিউডের পপগায়িকা ও অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন মারা গেছেন। সোমবার (০৮ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি তারকা। দীর্ঘ তিন দশক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিজের খামারবাড়িতে সোমবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। সত্তরের দশকের সেরা পপ তারকাদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয় অলিভিয়াকে। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অলিভিয়ার স্বামী জন ইস্টারলিন এক ফেসবুক পোস্টে অলিভিয়ার মৃত্যুর খবর জানিয়ে এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যদের গোপনীয়তা রক্ষার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন। সত্তরের দশকের গোড়ার দিকে তার অল্পবিস্তর পরিচিতি থাকলেও ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্রিজ’ চলচ্চিত্রে স্যান্ডি চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন অলিভিয়া। সিনেমায় জন ট্রাভোল্টার সঙ্গে গাওয়া ‘ইউ আর দ্য ওয়ান দ্যাট আই ওয়ান্ট’ এবং ‘সামার নাইটসে’ হিট হয়েছিল।
তার গানের অ্যালবাম লাখ লাখ কপি বিক্রি হয়েছে, ওঠে এসেছেন বিলবোর্ডের টপচার্টে। চারবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন। নব্বইয়ের দশকে প্রথম স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে ২০১৭ ও ২০১৮ সালে দুবার ক্যানসার শনাক্ত হয়েছিল তার। ক্যানসার নিয়ে প্রচারক হিসেবে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন অলিভিয়া।
যুক্তরাজ্যের কেমব্রিজে জন্ম নেওয়া অলিভিয়া পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাড়ি জমান। একটি টিভির রিয়েলিটি শোতে বিজয়ী হওয়ার পর কয়েক কিশোরীকে নিয়ে গানের দল করেছিলেন। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল যুক্তরাজ্য থেকে, ১৯৬৬ সালে। প্রথম অ্যালবামে সাড়া না ফেললেও ‘গ্রিজ’ মুক্তির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
/প্রবা/রাই/