প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৭ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১১ এএম
সাফা কবির
সাফা কবির এ প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু নাটকে দর্শক মুগ্ধ হয়েছেন। কয়েকদিন আগেই ইউটিউবে প্রকাশ পেয়েছে তার নতুন নাটক ‘হ্যাপা’। এ নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। মাত্র ছয় দিন আগে ইউটিউবে প্রকাশিত হ্যাপা নাটকটি এরই মধ্যে ২৭ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকে সাফা কবিরের বিপরীতে আছেন মুশফিক ফারহান। এ নাটক নিয়ে এরই মধ্যে সাফা কবির দর্শকের উদ্দেশে প্রশ্ন ছুড়ে লিখেছেন, ‘তন্নীকে কেমন লাগল সবার? হ্যাপা দেখা হয়েছে তো?’ জবাবে সাড়া দিয়েছেন ভক্তরাও। সাফার ফেসবুক পোস্টে ভক্তরা জানাচ্ছেন, নাটকে প্রিয় অভিনেত্রীর চরিত্রটি খুব মনে ধরেছে সবার।

সাফা কবির বলেন, ‘সত্যি বলতে কি আমরা যারা অভিনয় করি দর্শকের জন্যই তো অভিনয় করি। দর্শকের যেন নাটকের গল্প ভালো লাগে, আমার অভিনীত চরিত্রটি ভালো লাগে সে বিষয়ে সজাগ থাকার চেষ্টায় থাকি। হ্যাপা নাটকটির গল্প ব্যতিক্রম। যে কারণে দর্শকের ভালো লাগছে। আমার বিশ্বাস এ নাটকটি দর্শকের দিন যত যাবে ভালো লাগা আরও বাড়বে। আরও অনেক দর্শক এ নাটক উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা আমার। ধন্যবাদ মাহমুদ মাহিন ভাইকে এত চমৎকার গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’
আমার সহশিল্পী মুশফিক ফারহানকেও ধন্যবাদ। কারণ এ নাটকে আমাদের কাজের রসায়নটা চমৎকার ছিল। আশা করি আগামীতেও আমরা একসঙ্গে আরও ভালো ভালো গল্পে কাজ করব’, যোগ করেন সাফা।
এদিকে কিছুদিন আগেই সাফা কবির ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ ‘বেড নং ৩’ নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা লাভ করেন। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। কিছুদিন আগেই বিঞ্জে মুক্তি পেয়েছে সাফা কবির অভিনীত ‘প্রতিধ্বনি’ নাটকটি। এটি নির্মাণ করেছেন শিকদার ডায়মন্ড।