প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:২৭ এএম
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ
হাবিব ওয়াহিদ। বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় নাম। সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে তার দক্ষতা অনন্য। দেশবিদেশে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্ত প্রতীক্ষায় থাকেন নতুন গানের। সেই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। শিরোনাম ‘পাগল হাওয়া’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই, আর কথার জাদু ছড়িয়েছেন শ্রাবণ।
নতুন এ সৃষ্টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাবিব বলেন, ‘শ্রোতাদের জন্য বছরের প্রথম উপহার এটি। ইতোমধ্যে টিজার প্রকাশ করেছি, যা দারুণ সাড়া পেয়েছে। পুরো গান প্রকাশের পর ভালোবাসা আরও বাড়বে বলে আশা করছি। তবে নির্দিষ্ট প্রকাশনার তারিখ এখনও চূড়ান্ত হয়নি।’ নিজের কাজে সব সময় নিখুঁত মনোযোগ দেওয়ার বিষয়ে বিশ্বাসী হাবিব বলেন, ‘আমি কাজের ফল নিয়ে ভাবি না। বরং মন থেকে কাজ করি, কারণ আন্তরিকতার সঙ্গে করা প্রতিটি কাজের ফলই ইতিবাচক হয়।’ এদিকে স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ গায়ক। ভালোবাসা দিবসে কোনো শো রাখছেন না তিনি, তবে আগের ও পরের দিনগুলোতে একাধিক শো নিয়ে ব্যস্ত থাকবেন। সামনে ঈদও আসছে, সেটি ঘিরেও পরিকল্পনা রয়েছে তার। ২০২৪ সালের শেষ দিকে মুক্তি পাওয়া ‘একলা দুনিয়া’ গানটি ইতোমধ্যে ইউটিউবে প্রায় ৩ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। গানটির প্রযোজক ছিলেন সঞ্জয়, সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ ও মুজা, আর কথা লিখেছেন বাঁধন ও মুজা। নতুন বছরে পাগল হাওয়া দিয়ে ভক্তদের আরও একবার মুগ্ধ করতে প্রস্তুত হাবিব!