প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৫ এএম
ছবি : সংগৃহীত
অ্যাকশন-কমেডি ঘরানায় দক্ষতা দেখিয়ে কোরীয় নির্মাতা চোই উন-সুব ২০২০ সালে দর্শকদের উপহার দিয়েছিলেন জনপ্রিয় সিনেমা হিটম্যান। এবার তারই সিক্যুয়েল হিটম্যান ২ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে।
২২ জানুয়ারি মুক্তির পর টানা শীর্ষস্থান ধরে রাখার ধারাবাহিকতায়, ২৯ জানুয়ারি মুক্তির অষ্টম দিনে সিনেমাটি দেখেছে ১০ লাখ দর্শক, যা বছরের প্রথম কোরীয় সিনেমা হিসেবে রেকর্ড গড়ে। ফেব্রুয়ারির শুরুতেই এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। `হিটম্যান ২’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন কোন সাং-উ, জুন জুন-হো ও হাওয়ং উ-সিউল-হে। গল্প আবর্তিত হয়েছে কার্টুনশিল্পী জুনকে (কোন সাং-উ) ঘিরে, যিনি একটি সন্ত্রাসী হামলার ঘটনায় আলোচনায় আসেন। সন্দেহের তীর তার দিকেই-গোয়েন্দা সংস্থার ধারনা, এসবের পেছনে তার কোনো যোগসাজশ থাকতে পারে।
প্রথম কিস্তির সাফল্যের পর দ্রুতই সিক্যুয়েলের ঘোষণা আসে। ২০২৩ সালের জুনে শুটিং শুরু হয়ে সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়। পরিচালক চোই উন-সুব জানিয়েছেন, এবার সিনেমাটিকে আরও বিস্তৃত পরিসরে নির্মাণ করা হয়েছে। অ্যানিমেশন, অ্যাকশন ও শিল্পনির্দেশনায় এসেছে নতুনত্ব।