প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০০ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ পিএম
প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ছবি : সংগৃহীত
গত বছরের ২৪ জুলাই জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ
চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেলেও, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
হন তিনি, সেখানেই চলে যান চিরবিদায়ে। দেখতে দেখতে সাত মাস হতে চলল, প্রয়াত
এই ব্যান্ড তারকার স্মরণে আয়োজন করা হয়েছে বিশেষ এক ট্রিবিউট কনসার্টের।
‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের এই কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি, রাজধানীর
তেজগাঁওয়ের ‘আলোকি’তে। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল ও শিল্পীরা এ কনসার্টে
গানে গানে স্মরণ করবেন শাফিন আহমেদকে।
শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলস ছাড়াও এ কনসার্টে পারফর্ম করবে ফিডব্যাক,
দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র্যাপার
অজি। গানের পাশাপাশি তার স্মরণে
প্রদর্শিত হবে বিভিন্ন স্মারক ও একটি বিশেষ তথ্যচিত্র, যেখানে
উঠে আসবে তার জীবন ও সংগীতযাত্রার গল্প।
শাফিন আহমেদের ফেসবুক পেজ, যা তার মৃত্যুর পর
স্থবির হয়ে পড়েছিল,
সম্প্রতি তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এখন
থেকে সেখানে নিয়মিত গান ও স্মৃতিচারণমূলক কনটেন্ট শেয়ার করা হবে। এই ঘোষণার
একদিন পরেই আনুষ্ঠানিকভাবে ট্রিবিউট কনসার্টটির ঘোষণা আসে।
কনসার্ট সম্পর্কে আয়োজক ভেলভেট
ইভেন্টস
জানিয়েছে, ‘শাফিন আহমেদ বাংলাদেশের সংগীতজগতে এক সত্যিকারের আইকন। শুধু কনসার্ট নয়, এই
আয়োজন তার অনন্য অবদান স্মরণে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি।’
ইতোমধ্যে গেট সেট রক (getsetrock.com) ই-টিকিট
প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি টিকিটের মূল্য ৩,০০০
টাকা এবং
রেগুলার টিকিট ১,৫০০ টাকা। দর্শকদের জন্য ভেন্যুতে সন্ধ্যা ৬টায় গেট খোলা হবে।
শাফিন আহমেদ, যিনি তার অনবদ্য সংগীত ও কণ্ঠে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন, তাকে স্মরণে এই বিশেষ কনসার্ট নিঃসন্দেহে সংগীতপ্রেমীদের জন্য হবে আবেগঘন এক অভিজ্ঞতা।