প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৩ এএম
চার বছর বিরতির পর ২০২৩ সালে পরপর তিনটি ব্লকবাস্টার দিয়ে কামব্যাক করেন বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘদিনের বিরতির পর রুপালি পর্দায় ফিরে দর্শককে উপহার দেন ডানকি, জওয়ান ও পাঠান। এরপর কিছু সময়ের বিরতি।
এখন বড় ছেলে আরিয়ানকে নিয়ে নিজেদের প্রোডাকশন হাউসে মন দিয়েছেন কিং খান। এরই মধ্যে শাহরুখভক্তদের জন্য এলো সুখবর! শোনা যাচ্ছে, শাহরুখের সাড়া জাগানো ছবি ‘ম্যায় হু না’র দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। ২০০৪ সালে ম্যায় হু নায় পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন শাহরুখ। এবার আসছে ফারহার পরিচালনায়ই দ্বিতীয় কিস্তি। কিন্তু ছবিটিতে শাহরুখ থাকবেন কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ম্যায় হু না টু তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ২০২৫ সালের মাঝামাঝি প্রথম খসড়াটি শুনবেন এবং তার পরই অভিনয়ের সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।